২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খুনের দায় এড়াতে খুন'

বগুড়ায় একটি খুনের দায় এড়াতে আরেকটি খুন করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 05:52 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

বগুড়া, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় একটি খুনের দায় এড়াতে আরেকটি খুন করার অভিযোগ পাওয়া গেছে। ধুনট উপজেলার নিমগাছি গ্রামে সাত মাসের ব্যবধানে এই দুটি হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বলেছে, একটি শিশু খুনের অভিযোগে শনিবার গ্রেপ্তার গ্রামের আব্দুল হাকিম লিটন (২২) দুটি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। শুক্রবার রাতে খুন করা হয় আব্দুল আলিমকে (৭)। সে উপজেলার নান্দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিলো। আলিম সম্পর্কে লিটনের ভাইপো। ধুনট থানার ওসি শাজাহান পাশা সাংবাদিকদের জানান, ভাবীর সঙ্গে পরকীয়ায় বাধা এবং সম্পত্তি না দেওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে লিটন তার বাবা হোসেন সাকিদারকে হত্যা করেছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। তিনি জানিয়েছেন, ওই মামলার আসামি ও সাক্ষীদের ফাঁসানোর জন্য এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। এর কারণ হিসেবে লিটন বলেছেন, ওই মামলার আসামিদের অব্যাহতি দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জানার পর তিনি এই পরিকল্পনা করেন। ওসি জানান, ২০১০ সালের ২১ মে রাতে ঘুমন্ত অবস্থায় হোসেন সাকিদারকে জবাই করে হত্যা করা হয়। ওই রাতে লিটনের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে। পরে তদন্তে জানা যায়, ঘরের ভেতর থেকে দরজা বন্ধ ছিলো। লোকজন ছুটে এলে লিটনই দরজা খুলে দেন। ওই হত্যাকাণ্ডের পরদিন লিটন বাদি হয়ে সাতজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। তিনদিন পর থানা পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছোরা উদ্ধার করে। পরে বগুড়া মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলার নয় সাক্ষী বাদি লিটনের বিপক্ষে জবানবন্দি দেন। তাদের সাক্ষ্যর ভিত্তিতে তদন্ত কর্মকর্তা মামলা থেকে আসামিদের অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেন। ওসি জানান, আলিমকে জবাই করে হত্যার পর শুক্রবার রাতে লিটন মসজিদের মাইক থেকে বলেন দুর্বৃত্তরা আলিমকে অপহরণ করেছে। পরদিন ভোরে একটি ধান ক্ষেত থেকে আলিম'র লাশ উদ্ধার হয়। পরে ধুনট থানা পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিটনকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩০ ঘ.