বগুড়া, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার ধুনটে এক স্কুল ছাত্রকে জবাই করে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাতে আব্দুল আলিম (১১) নামের ওই ছাত্র নিখোঁজ হয়। শনিবার সকালে তার লাশ পাওয়া যায়।
আব্দুল আলিম ধুনট উপজেলার নিমগাছি গ্রামের আব্দুল মতিনের ছেলে। সে নান্দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
এ ঘটনায় পুলিশ আব্দুল হাকিম লিটন নামে একজনকে আটক করেছে।
পুলিশ জানায়, আব্দুল আলিম তার দূর সম্পর্কের চাচা প্রতিবেশী লিটনের বাড়িতে থেকে লেখাপড়া করত।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আব্দুল আলিম প্রতিবেশী আরেক চাচা দেলোয়ার হোসেন দুলুর বাড়িতে টেলিভিশন দেখতে গিয়ে আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে লিটনের বাড়ির পাশে ধান ক্ষেতে আলিমের গলাকাটা লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে আব্দুল হাকিম লিটনকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।
বগুড়ার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আশরাফ হোসেন বলেন, আব্দুল হাকিম লিটনকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৪ ঘ.
bdnews24