ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ ও শরিয়তপুরে প্রতিপক্ষের হামলায় দু'জনের মৃত্যু হয়েছে। আহত হন একজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁপাইনবাবগঞ্জ- নাচোল উপজেলার চন্দনা গ্রামে প্রতিপক্ষের পিটুনিতে নিহত হন রেজাউল হক (৪০)। এ সময় আহত হন তার ভাই তহুরুল ইসলাম (৩৬)।
শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের পিটুনিতে রেজাউল ও তহুরুল আহত হন। শনিবার ভোরে হাসপাতালে রেজাউল মারা যান।
শনিবার এ ঘটনায় নাচোল থানায় একটি হত্যা মামলা হয়েছে।
এ ঘটনায় চন্দনা গ্রামের আব্দুল লতিফ (৬০) ও তার দুই ছেলে আসাদুল (৪০), কোরবান (২৩) ও আসরাফুল হকসহ (৫০) চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাচোল থানার ওসি একরামুল হক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় রেজাউলের বোন রেহেনা সঙ্গে প্রতিবেশী আসাদুলের আর্থিক লেনদেন নিয়ে সালিশী বসে।
এ সময় উভয় পক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে আসাদুল তার লোকজন নিয়ে রেহেনাকে মারতে গেলে রেজাউল ও তহরুল বাধা দেন। এ সময় তারা এ দু'জনকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে।
রেজাউল ও তহরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়।
এ ঘটনায় শনিবার দুপুরে নাচোল থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানান ওসি।
শরীয়তপুর: আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের মারধরে নিহত হন জাজিরা উপজেলার মনিরউদ্দিন সরদার কান্দি গ্রামের আইরিন আক্তার।
জাজিরা থানার ওসি সৈয়দ আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলায় আওয়ামী লীগ নেতা রফিক মাষ্টার ও ইলিয়াস মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল।
এর জেরে ইলিয়াস গ্র"পের লোকজন গত বুধবার রফিক মাস্টারের সমর্থক চুন্নু বেপারীর বাড়িতে গিয়ে গালাগাল দেয়। এ সময় প্রতিবাদ করলে তারা চুন্নুর স্ত্রী আইরিকে মারধর করে চলে যায়।
শনিবার সকালে হাসপাতালে আইরিনের মৃত্যু হয়।
অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮০০ ঘ.
bdnews24