২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির বিরোধে একজন নিহত ব্রাহ্মণবাড়িয়ায়

জমি নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দবাজার এলাকায় সংঘর্ষে নিহত হয়েছে এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 10:48 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দবাজার এলাকায় সংঘর্ষে নিহত হয়েছে এক ব্যক্তি। শনিবার দুপুরের দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। নিহতের নাম মো. জয়নাল মিয়া (৩২)। আহতদের মধ্যে ফারুক (১৯) নামে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আনন্দবাজার এলাকার বাসিন্দা সোহরাব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি জায়গা নিয়ে নাটাই গ্রামের ইব্রাহিম মিয়া এবং বিরাসার গ্রামের দুলাল মিয়ার মধ্যে বিরোধ ছিলো। ওই জমির দখল নিয়ে শুক্রবার আনন্দবাজারে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। "ওই ঘটনার জের ধরে আজ (শনিবার) সকাল ১১টায় দিকে নাটাই এবং বিরাসার গ্রামের কয়েক হাজার লোক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।" ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নাটাই গ্রামের জয়নাল ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষের সময় ৩০টি ঘর ভাংচুর ও লুটপাট হয় বলে স্থানীয়রা জানায়। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ওসি হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষস্থল থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও ওসি জানান। আনন্দবাজারে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪০ ঘ.