চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুন্ড উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শনিবার দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় জন।
দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের 'টেরিমাইন হাইস্কুলের' সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সীতাকুন্ড হাইওয়ে পুলিশের ওসি ওয়াহেদ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেরিমাইন হাইস্কুলের সামনে অবস্থান করা একটি ট্রাককে বিপরীতমুখী যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান।
নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন- বাস চালক সোহেল (৪০), সুপারভাইজার আবদুল হাই (৩৫), বাস যাত্রী গুলজার হোসেন (৪০) ও হাফিজুর রহমান (৪৫) এবং ট্রাক চালকের দুজন সহকারি। তাদের পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল পংকজ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাস চালক সোহেলের অবস্থা আশঙ্কাজনক।
ওদিকে সীতাকুন্ডের বালুবাজারের 'টোবাকো বিটিসি' কারখানা সংলগ্ন এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় নিহত হয়েছে এক যুবক।
নিহত আবু সাহেদ (১৮) সীতাকুন্ড উপজেলার উত্তর সলিমপুর গ্রামের আবু জাফরের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৫৪৯ ঘ.
bdnews24