২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপির ১৫ নেতাকর্মী আটক

৩০ নভেম্বরের হরতালের সমর্থনে কর্মসূচি পালন নিয়ে শনিবার বরিশাল নগরীতে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘাত হয়েছে বিএনপি নেতাকর্মীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 08:19 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

বরিশাল, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০ নভেম্বরের হরতালের সমর্থনে কর্মসূচি পালন নিয়ে শনিবার বরিশাল নগরীতে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘাত হয়েছে বিএনপি নেতাকর্মীদের। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বিএনপির ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। বিএনপি বলছে, পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস সেলের নিক্ষেপে তাদের ১০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বরিশাল নগরী। এ ঘটনা নিয়ে বিকালে নগরীর কাউনিয়ায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করবেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক মজিবর রহমান সরোয়ার। কোতয়ালী মডেল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই বিএনপি নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে কর্মসূচি পালনের চেষ্টা করেন। এ সময় ১৩ জনকে আটক করা হয়। তারা হলেন- জেলা বিএনপির দপ্তর সম্পাদক মন্টু খান (৫০), বাকেরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন (৪০), বিএনপি নেতা ফারুক হোসেন (৪৫), শহিদুল আলম (৩০), ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতির ছেলে তারিকুল ইসলাম (২৪), মনিরুজ্জামান খান (২৫), সাবেক ছাত্রনেতা মলয় কর্মকার (৩০), কামাল (২৫), আব্বাস (২০), অনিক সাহা (২৫), বদির আলম (৩০), রেজভী (২০) ও তপন (২২)। এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, পরে আরো দুইজনকে আটক করা হয়। তারা হলেন- বাবুগঞ্জ উপজেলা বিএনপির উপ-সম্পাদক মিলন কাফী ও নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি নূর মোহাম্মদ। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন খান সাংবাদিকদের জানান, ৩০ নভেম্বর ডাকা হরতালের সমর্থনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে শনিবার বেলা ১১টায় নগরীর সদর রোড অশ্বিনী কুমার হল চত্বরে বিএনপির কার্যালয়ে সমাবেশ হওয়ার কথা ছিলো। সে অনুযায়ী বরিশাল মেট্রো পলিটন পুলিশ কমিশনারের কাছ থেকে অনুমতি নেওয়া হয় দাবি করে তিনি বলেন, "কিন্তু এ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। "এক পর্যায় কোনো ধরনের উস্কানি ছাড়াই পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ এবং টিয়ারসেল নিক্ষেপ করে। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ আমাদের ১৩ নেতাকর্মীকে আটক করে।" মজিবর রহমান সরোয়ার বলেন, "পুলিশ আওয়ামী লীগের ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়ে বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে সমাবেশ পণ্ড করে দিয়েছে। পুলিশের হামলায় আমাদের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।" ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, "অবরোধ কর্মসূচিতে বাধা দিলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ জনগণের যানমাল রক্ষার্থে লাঠিপেটা এবং টিয়ারসেল নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়।" তিনি বলেন, "যাচাই-বাচাই শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জেবি/১৪৫৯ ঘ.