রাজশাহী, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা গত হরতালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রদলের আহ্বায়ক আহমেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
আহমেদ রুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
পুলিশ জানিয়েছে, একই অভিযোগে স্থানীয় ছাত্রদল কর্মী খায়রুল ইসলাম ডাকুকেও গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে মতিহারের খোঁজাপুর ও বাখরাবাজ এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মতিহার থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৪ নভেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় মতিহার থানায় দায়ের পুলিশের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে গত ১৩ নভেম্বর 'উচ্ছেদের' পরদিন দেশব্যাপী সকাল-সন্ধ্যা ওই হরতাল হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৩৪ ঘ.
bdnews24