২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্লিনিক ভাংচুর

নবজাতকের মৃত্যুর ঘটনায় শুক্রবার রাজশাহীতে একটি বেসরকারি হাসপাতালে ভাংচুরের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 04:26 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

রাজশাহী, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবজাতকের মৃত্যুর ঘটনায় শুক্রবার রাজশাহীতে একটি বেসরকারি হাসপাতালে ভাংচুরের ঘটনা ঘটেছে। প্রসূতির স্বজনদের অভিযোগ, প্রসবের সময় চিকিৎসক ছিলেন না। অদক্ষ নার্স ও আয়ার কারণে নবজাতকটি মারা গেছে। চিকিৎসক না থাকার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছে। নবজাতকের মৃত্যুর পর বিকাল ৫টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকার 'ডলফিন ক্লিনিকটি' ঘেরাও করে প্রসূতির স্বজনরা। এক পর্যায়ে তারা ক্লিনিকের আসবাবপত্র ও জানালার কাঁচ ভাংচুর করে। তাদের সঙ্গে স্থানীয়রাও যোগ দেয়। খবর পেয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নগরীর মথুরডাঙ্গা এলাকার রেজাউল করিম সাংবাদিকদের জানান, প্রসবের জন্য তার স্ত্রী লায়লা পারভীনকে (২৫) শুক্রবার দুপুরে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। এ সময় ক্লিনিকে কোনো চিকিৎসক ছিলেন না। অদক্ষ নার্স ও আয়া বাচ্চা প্রসব করানোতেই তার নবজাতক ছেলের মৃত্যু হয়। সৌদি প্রবাসী রেজাউল অভিযোগ করেন, মোবাইল ফোনে চিকিৎসকদের বারবার ডাকা হলেও কেউ আসেননি। তিনি জানান, পারভীন গর্ভবতী হওয়ার পর থেকেই ওই ক্লিনিকের ডা. নাসরিন আকতার ফ্লোরার অধীনে চিকিৎসা নিয়েছেন। প্রসূতির অভিযোগ, তিনি জীবিত সন্তান প্রসব করেছেন। চিকিৎসায় অবহেলায় তার সন্তান মারা গেছে। এ ব্যাপারে ওই ক্লিনিকের চিকিৎসক ডা. আক্তার হোসেন জানান, লায়লা পারভীনের স্বাভাবিক প্রসব হয়েছে। চিকিৎসক না থাকার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, সন্তান প্রসবের সময় অনেক ক্ষেত্রে এমন ঘটনা ঘটে যায়। প্রসূতির চিকিৎসায় কোনো অবহেলা হয়নি বলে ডা. আক্তার দাবি করেন। তবে কর্তব্যরত নার্স সিতা রানী চৌধুরী সাংবাদিকদের জানান, প্রসবরে সময় ক্লিনিকে কোনো চিকিৎসক ছিলেন না। জরুরি মুহূর্তে তারাই পারভীনের প্রসবের কাজ করেন। অজ্ঞাত কারণে প্রসবের পর শিশুটি মারা যায় বলে তিনি জানান। ক্লিনিকের ব্যবস্থাপক মো. জামান জানান, ওই রোগী যে চিকিৎসকের অধীনে ছিলেন তিনি অন্য রোগী দেখতে রাজশাহীর বাইরে অবস্থান করায় সেবিকারা সন্তান প্রসব করিয়েছে। এ সময় হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোনো চিকিৎসক ছিলেন না বলে স্বীকার করেন তিনি। নগরীর বোয়লিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়েই ওই ক্লিনিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৪ ঘ.