পাবনা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলায় বৃহস্পতিবার রাতে পৃথক দু'টি অভিযানে দুই 'চরমপন্থি'কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, গ্রেপ্তার হয়েছেন - সাঁথিয়া উপজেলার রাঙ্গামাটি গ্রামের আব্দুস সাত্তার (৩২) এবং আতাইকুলার গয়েশবাড়ী গ্রামের বোমা আলমাছ (২৯)।
এরা নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) সদস্য বলে পুলিশ জানিয়েছে।
আতাইকুলা থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আতাইকুলার কৃষ্ণপুর গ্রাম থেকে রাত ১০টার দিকে আবদুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া আতাইকুলার গয়েশবাড়ী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বোমা আলমাছকে।
এ দু'জনের প্রত্যেকের বিরুদ্ধে আতাইকুলা ও সাঁথিয়া থানায় হত্যাসহ অন্তত অর্ধডজন মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24