গাজীপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুসল্লি বাড়ায় ময়দানে স্থান সঙ্কুলানের বিষয়টি বিবেচনা করে আগামী বছর দুই দফায় ইজতেমা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
তবে প্রতিবছরই দুই দফা ইজতেমা আয়োজন করা হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।
শুক্রবার বিশ্ব ইজতেমার কেন্দ্রীয় কমিটির মুরুব্বী (সদস্য) মো. গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দুই দফায় ইজতেমার বয়ান ও আখেরী মোনাজ হবে।
প্রথম দফা ইজতেমা শুরু হবে ২১ জানুয়ারি বাদ ফজর। তৃতীয় দিন ২৩ জানুয়ারি আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় দফা শুরু হবে ২৮ জানুয়ারি। ৩০ জানুয়ারি আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।
গিয়াস উদ্দিন বলেন, বিগত বছরগুলোতে একবার তিনদিনের ইজতেমা অনুষ্ঠিত হলেও মুসুল্লিদের সংখ্যা প্রতিবছর বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে তাবলীগ জামাতের পাঁচদিনের 'জোড়' ইজতেমা। ৩০ নভেম্বর বাদ জোহর শেষ হবে এই ইজতেমা।
তাবলীগ জামাতের মুরুব্বী (আয়োজক সদস্য) আব্দুল কুদ্দুস জানান, এবারের জোড় ইজতেমায় দেশি-বিদেশি দুই হাজারের বিশে মুসল্লি অংশ নিয়েছেন।
শুরুর দিন শুক্রবার জুমার নামাজে টঙ্গী ও আশপাশের লক্ষাধিক মুসল্লি (মেহমান) অংশ নেয়।
তিনি জানান, জুমার নামাজ পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের।
প্রতি বছর ইজতেমা শুরুর দু'মাস আগে এই জোড় ইজতেমা হয় বলে আয়োজকরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৫ ঘ.
bdnews24