কুষ্টিয়া, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ভারতে গিয়ে একইভাবে ফেরার পথে কুষ্টিয়া সীমান্তে নয় জনকে আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর।
শুক্রবার ভোররাতে আটকের পর তাদের দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিডিআরের এক কর্মকর্তা জানিয়েছেন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাদেকুল ইসলাম (৩৫), জামাল উদ্দিন (৩২), মতিউর রহমান (২৮), হাকিম উদ্দিন (৩০), নওগাঁর পোরশা উপজেলার আব্দুল বারেক (৩২), আকতারুল (২৫), সুনামগঞ্জের ওয়ালি উল্লাহ (৩০), রুবেল রানা (২০) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আমিন উদ্দিন (২৫)।
৩২ রাইফেলস ব্যাটালিয়নের রামকৃষ্ণপুর ফাঁড়ির হাবিলদার নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভোররাতে ভারতের জলঙ্গী এলাকা থেকে ওই নয়জন দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকছিলো।
আটক নয় জনকে অবৈধভাবে অনুপ্রবেশের মামলায় আদালতে পাঠানো হবে বলে দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৩০ ঘ.
bdnews24