খুলনা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা নগরীতে গ্যাস সিলিন্ডার ফেটে আহত হয়েছেন এক বেলুন বিক্রেতা।
বিস্ফোরণে পাশের একটি বাড়ির টিনের ছাউনি দুমড়েমুচড়ে গেছে।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে টুটপাড়া মহিরবাড়ী ছোট খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত ব্যক্তি হলেন- বাহাদুর (৩৪)। তার বাড়ি ওই এলাকায়।
খুলনা সদর থানার ওসি মুনীর-উল-গীয়াস সাংবাদিকদের জানান, সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় এটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
আহত বাহাদুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৭ ঘ.
bdnews24