২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি'র খ ইউনিটে ভর্তির সাক্ষাৎকার স্থগিত

২৭ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত খ ইউনিটে ভর্তির সাক্ষাৎকার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 02:32 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত খ ইউনিটে ভর্তির সাক্ষাৎকার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। হাইকোর্টের এক আদেশে ঢাবিতে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের বাংলা ও ইংরেজিতে ২০০ নম্বরের শর্ত স্থগিত করায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ঢাবি কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন। হাইকোর্টের আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের কাছে সোমবার পৌঁছে বলে জানান তিনি। গত ২৯ অক্টোবর খ ইউনিটের লিখিত ভর্তি পরীক্ষা হয়। ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর এর সাক্ষাৎকার হওয়ার কথা ছিলো। গত ১১ নভেম্বর হাইকোর্টের এক আদেশে 'ঢাবির কলা অনুষদের ১০টি বিষয় পেতে উচ্চ মাধ্যমিকে বাংলা ও ইংরেজিতে ২০০নম্বর থাকতে হবে' বিশ্ববিদ্যালয়ের দেওয়া এমন শর্ত স্থগিত করা হয়। ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় বাংলা, ইংরেজি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, উন্নয়ন অধ্যয়ন, লোকপ্রশাসন, ভাষাতত্ত্ব, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, সমাজবিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ভর্তির ক্ষেত্রে ২০০ নম্বর থাকার শর্তারোপ করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে তখন জুনায়েদ আল মামুনসহ তিন শিক্ষার্থী হাইকোর্টে একটি রিট আবেদন করে। অধ্যাপক সদরুল আমিন বলেন, "হাইকোর্টের রায় অনুসারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হবে তার জন্য আপাতত সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০১৭ ঘ.