২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক বিক্ষোভে আশুলিয়ায় একটি পোশাক কারখানায় ছুটি

ঢাকার সাভারে আশুলিয়ায় একটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভের মুখে ছুটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 09:34 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

সাভার, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে আশুলিয়ায় একটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভের মুখে ছুটি ঘোষণা করা হয়েছে। আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় 'ন্যাচারাল ডেনিমস লিমিটেড' নামের পোশাক কারখানার শ্রমিকরা সকালে কাজে এসে ফটকের সামনে বেতন কাঠামোর তালিকা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে। নতুন বেতন কাঠামো অনুযায়ী তাদের বেতনের যে টাকা আসার কথা তার চেয়ে কম টাকার অঙ্ক উল্লেখ করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে শ্রমিকরা অভিযোগ করেছে। পুলিশ জানায়, ন্যাচারাল ডেনিমস লিমিটেড কর্তৃপক্ষ নতুন মজুরী কাঠামো অনুযায়ী সব শ্রমিকের বেতনের নোটিশ টাঙ্গিয়ে দেয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় এসে নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে উঠে। তারা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করতে থাকে। দুপুর ১২টার দিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে আলোচনা করে মিমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনাস্থলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে আলোচনায় বসে। কর্তৃপক্ষ শ্রমিকদের জানায়, বেতনের যে নোটিশ টানানো হয়েছে তা ভুল। নতুন বেতন কাঠামো অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর আবার নোটিশ টানানো হবে। কিন্তু শ্রমিকরা শনিবারের মধ্যে এই নোটিশ টানিয়ে দেওয়ার দাবি জানালে কর্তৃপক্ষ অপরাগতা প্রকাশ করে। এসময় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানার ভিতরে বিক্ষোভ শুরু করে। অবস্থা বেগতিক দেখে দুপুর একটার দিকে এক দিনের জন্যে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ওসি আরো জানান, বিশৃঙ্খলা মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ প্রসঙ্গে কারখানা কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৩০ ঘ.