২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

ঝিনাইদহ সদর উপজেলার গেড়ামারা গ্রামে বুধবার ভোররাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 02:39 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঝিনাইদহ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার গেড়ামারা গ্রামে বুধবার ভোররাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল কুদ্দুস (৪০) ওরফে বোমা কুদ্দুস উপজেলার অশ্বস্থলী গ্রামের মনতাজ মণ্ডল ওরফে পুনের ছেলে। র‌্যাব বলছে, কুদ্দুস চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল জনযুদ্ধ) এর প্রধানের দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে চারটি হত্যাসহ ১৮টি মামলা আছে। র‌্যাবের ঝিনাইদহ ক্যাম্পের ইনচার্জ সহকারী পুলিশ সুপার মো. রেজাউল ইসলাম সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে তারা গোপন সূত্রে খবর পান কুদ্দুস দলবল নিয়ে এলাকায় ঘোরাফেরা করছেন। তারপর র‌্যাবের একটি দল টহল দেওয়া শুরু করে। তিনি বলেন, "বুধবার ভোররাত ৩টার দিকে র‌্যাবের সাদা পোশাকের একটি টহল দল ৪/৫ জনের একটি দলকে গেড়ামারা গ্রামের জঙ্গলের পাশে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করে। তাদের সঙ্গে তখন র‌্যাব সদস্যদের তর্ক-বিতর্ক শুরু হয়। "এক পর্যায়ে চরমপন্থীরা র‌্যাবের লোক টের পেয়ে তাদের লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে। র‌্যাব সদস্যরাও তখন পাল্টা গুলি চালায়। এ সময় আশপাশে থাকা র‌্যাবের অন্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বন্দুকযুদ্ধে অংশ নেয়। "প্রায় ২৫ মিনিট বন্দুকযুদ্ধের পর চরমপন্থিরা পিছু হটে। এরপর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।" নিহত ব্যক্তিকে গ্রামবাসীরা কুদ্দুস বলে সনাক্ত করে জানিয়ে র‌্যাব কর্মকর্তা রেজাউল বলেন, ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি শাটারগান ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, ২০০৮ সালের ১৮ জুন কুষ্টিয়ার বারাদীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এমএল জনযুদ্ধের প্রধান আব্দুর রশিদ মালিথা ওরফে দাদা তপন সঙ্গী রিক্তাসহ নিহত হওয়ার পর কুদ্দুস সংগঠনের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৮৫৩ ঘ.