২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইমচরে সমবায় কর্মকর্তার লাশ

চাঁদপুরের হাইমচর উপজেলা সমবায় কর্মকর্তা কৃষ্ণলালের (৪৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 05:18 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

চাঁদপুর, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের হাইমচর উপজেলা সমবায় কর্মকর্তা কৃষ্ণলালের (৪৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টায় উপজেলা সদর আলগী বাজারের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতে চিহ্ন না থাকলেও নাকে মুখে রক্ত ছিলো বলে পুলিশ জানিয়েছে। কৃষ্ণলালের বাড়ি হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে। তার এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী কুমিল্লায় থাকে। খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম অলিউল্যাহ, থানার ওসি হেলাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শারমিন আক্তার ঘটনাস্থলে ছুটে যান। হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের কর্মচারী আশরাফুল আলম সাংবাদিকদের জানান, মঙ্গলবার সন্ধ্যায় কৃষ্ণলালের পরিবার তাকে মোবাইল ফোনে না পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের ফোনে যোগাযোগ করে। তিনি নিজে ওই ফোন কলটি রিসিভ করেন এবং কৃষ্ণলাল তার কার্যালয়ে না থাকায় খবর নিতে বাসায় যান বলে জানান আশরাফুল। তিনি জানান, ডাকাডাকি করে সাড়া না পেয়ে স্থানীয়দের ডেকে দরজা ফাঁক করে কৃষ্ণলালকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। আশরাফুল জানান, তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। পরে দরজা ভেঙ্গে উপজেলা সমবায় কর্মকর্তার লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ইউএনও এ কে এম অলিউল্যাহ সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন কৃষ্ণলাল হৃদরোগে ভুগছিলেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শারমিন আক্তার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কৃষ্ণলাল মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গেছেন। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। হাইমচর থানার ওসি হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, পুলিশ বিষয়টি তদন্তকরে দেখবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৯ ঘ.