কক্সবাজার, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সংশ্লিষ্টতা সন্দেহে ওয়ার্ল্ড এসেম্বলি ফর মুসলিম ইয়ূথ (ওয়ামি) নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) আটক ৩১ কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো দু'দিন হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার তাদের আদালতে হাজির করে সাতদিন হেফাজতে নেওয়ার আবেদন করলে হাকিম আবদুর রহিম দুইদিন মঞ্জুর করেন।
এর আগে গত ২১ নভেম্বর তাদের জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে নেওয়ার আদেশ দেয় আদালত।
গত ১৩ নভেম্বর কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে ওয়ামির প্রাথমিক শিক্ষা প্রকল্পের চার নারীসহ ৩৫ শিক্ষককে আটক করা হয়। পরে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে চার নারীকে জামিন এবং বাকি এই ৩১ জনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদিনের জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। শিগগিরই তাদের আবার জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।
কক্সবাজার মডেল থানার ওসি মোহাম্মদ শাহজাহান এর আগে সাংবাদিকদের জানান, প্রশাসনের অনুমতি ছাড়া এই সংস্থাটি প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছিল। জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারে সন্দেহে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটক ৩২ জন হলেন- মোহাম্মদ আমিন উল্লাহ (২৩), মোহাম্মদ আলী জোহার (২৪), মোকতার আহমদ (৩৬), মোহাম্মদ রেদোয়ানুল হক (২২), এনায়েত উল্লাহ (২৬), আবদুল মালেক (৪৮), সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ (২০), লোকমান হাকিম (২৮), মোহাম্মদ ইউনুছ (৩৪), ফখরুল ইসলাম (৪২), মোহাম্মদ সেলিমুল কালাম (৩৭), মোহাম্মদ নুরুল আলম (২৩), জুলকারনাইন (৩৬), দীন মোহাম্মদ (২২), আবদুল আজিজ (৩৩), মোয়াজ্জেম হোসেন (৩০), আলী হোসেন (২৩), আহমদ কবির (৩৮), মোহাম্মদ ইয়াছিন (৩৫), নজির আহমদ (৩২), মোহাম্মদ শামসুল হুদা (৩৫), মোহাম্মদ আমিন (২১), আবদুল হালিম (২৭), মোহাম্মদ হোসেন (২২), মোহাম্মদ ওসমান (২০), মোহাম্মদ আসাদ (৩০), নুরুল কবির (৩২), মোহাম্মদ হাশেম (৩১), মোহাম্মদ সলিমুল্লাহ (৩৮), নুরুল আমিন (১৯), মোহাম্মদ আবদুল্লাহ (২৮)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৩৩ ঘ.
bdnews24