২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানের বীজ কিনে মাথায় হাত

গোপালগঞ্জে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বোরো ধানের বীজ নিয়ে দুর্ভোগে পড়েছেন কৃষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 09:50 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

গোপালগঞ্জ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বোরো ধানের বীজ নিয়ে দুর্ভোগে পড়েছেন কৃষকরা। এ অঞ্চলের কৃষকরা চলতি নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পরিবেশক এবং বীজ প্রক্রিয়াজাতকরণ বেসরকারি প্রতিষ্ঠানের বীজ কিনে বীজতলায় ফেলেন। কিন্তু সেই বীজ থেকে চারা জন্মায়নি। ফলে দ্বিতীয় দফা বীজ সংগ্রহ করতে গিয়ে বেকায়দায় পড়েছেন চাষীরা। কৃষকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বিএডিসি ও বেসরকারি প্রতিষ্ঠানের বীজ তারা নির্ধারিত দামের চেয়ে বেশি দিয়েই কিনেছেন। কিন্তু বীজতলায় বীজ ফেলার পর ২৪ ঘণ্টার মধ্যে চারা জন্মানোর কথা থাকলেও তা হয়নি। ফলে এখন তাদের মাথায় হাত। কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের কৃষক আলী উজ্জামান (৫২) ও মোশারফ হোসেন মিয়া (৪৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা রামদিয়া বাজারের বিএডিসির ডিলার আমজাদ হোসেন ও আব্দুল হান্নান মিয়ার কাছ থেকে ব্রি-২৯ ধানের বীজ কিনে বীজ তলায় ফেলেছি। কিন্তু তা থেকে কোনো চারা জন্মায়নি।" মোশাররফ হোসেন মিয়া বলেন, "রামদিয়া বাজারের ওই ডিলারের কাছ থেকে আশপাশের অন্তত দশটি গ্রামের কৃষক ধানের বীজ কিনেছে এবং তাদের কারো বীজেই চারা গজায়নি। আর তাতে সবার মাথায় হাত পড়েছে।" তিনি আরো বলেন, "বীজ সঠিক না হওয়ায় তা থেকে চারা গজায়নি বলে আমাদের ধারণা।" এ বিষয়ে বিএডিসির ডিলার আমজাদ হোসেন ও আব্দুল হান্নান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বীজের সংকট থাকায় আমাদের জন্য নির্ধারিত ফরিদপুর বিএডিসি গুদাম থেকে বীজ না পেয়ে যশোর বিএডিসির ডিলারের কাছ থেকে বীজ কিনে তা কৃষকদের সরবরাহ করেছি।" গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া গ্রামের কৃষক রাকিব মোল্লা (৩০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপালগঞ্জ বাজারের ব্যবসায়ী স্বরুপ বিশ্বাসের কাছ থেকে ২০০ টাকা দরে ২ কেজির চার ব্যাগ বীজ কিনে বীজতলায় ফেলেছি। কিন্তু ধানের চারার দেখা পাইনি।" আবার টাকা যোগাড় করে নতুন বীজ কেনাও খুব কঠিন বলে জানান তিনি। গোপালগঞ্জ শহরের বীজ ব্যবসায়ী মনোজ কান্তি বিশ্বাস জানান, বিএডিসির বীজে চারা না হওয়ায় বাজারে বীজ সংকট প্রকট হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো চাহিদার তুলনায় কম বীজ সরবরাহ করায় আমাদের কাছেও বীজ নেই । বীজের নামে অঙ্কুরোদগমে অক্ষম ধানে বাজার সয়লাব হওয়ার কথা স্বীকার করেছেন গোপালগঞ্জ বিএডিসির সহকারী পরিচালক দীপংকর রায়। তিনি বলেন, "এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার মত প্রয়োজনীয় লোকবল আমাদের নেই। বাজারে বীজ সংকট রয়েছে।" "ডিলার ও কৃষকরা বিএডিসির বীজ নিয়ে যে অভিযোগ করেছেন তা সত্য নয়। বিএডিসির বীজ জার্মিনেশন ফেল করতে পারে না। অসাধু ও মৌসুমী ব্যবসায়ীরা অঙ্কুরোদগমে অক্ষম ধান মনোরম প্যাকেট ও বিএডিসির বস্তায় ভরে বীজ হিসেবে কৃষকের কাছে বেশি দামে বেচেছে। এই ধান কিনে তারা প্রতারিত হয়েছেন।", বলেন তিনি। গোপালগঞ্জ বিএডিসি কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ বছর প্রায় ৭০ হাজার হেক্টর জমিতে ইরি ও বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বীজের চাহিদা ১ হাজার ৮ শ' মেট্রিকটন থাকলেও বরাদ্দ পাওয়া গেছে মাত্র ১ হাজার মেট্রিকটন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১৫৪৩ ঘ.