ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট, যশোর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাগুরা, ঝিনাইদহ, কুমিল্লা, বরিশাল, জামালপুর, পাবনা ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে।
আহত হয়েছে অন্তত ৬৯ জন।
এর মধ্যে সোমবার কুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে বিডিআর সদস্যসহ তিনজন মারা গেছে। বরিশালের বাকেরগঞ্জে টমটম নামে যান খালে পড়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়। নিখোঁজ হয় তিনজন। পাবনায় মোটরনসাইকেল চাপায় নিহত হয় এক স্কুলছাত্র। নারায়ণগঞ্জে তেলের ট্যাংকারের ধাক্কায় মারা যান প্রবাসীর স্ত্রী।
রোববার রাতে লালমনিরহাটে পৃথক দুর্ঘটনায় মারা গেছে দুজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরে পাঠানো খবর:
কুমিল্লা: চৌদ্দগ্রামের সাতগড়িয়ায় ভোররাতে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় বিডিআরের নায়েক সহিদ, বাসচালক আবু সাঈদ ও তার সহাকারী জুয়েল।
বিডিআর সদস্য সহিদের বাড়ি বাগেরহাটে।
দুর্ঘটনায় আহত হয় অন্তত ২০জন। তাদের কুমিল্লার চৌদ্দগ্রাম ও ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই বাসযাত্রী।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাগেরহাট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বাসটি ভোর সাড়ে ৪টার দিকে সাতগড়িয়া পৌঁছালে চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ও কালীগঞ্জ উপজেলায় রোববার রাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং চারজন আহত হয়েছে।
পাটগ্রাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রামে ট্রলির ধাক্কায় যাত্রীবাহী একটি টেম্পো খাদে পড়ে ঘটনাস্থলে জহুরুল (৩০) মারা যান।
টেম্পোটি উপজেলার জোংড়া থেকে পাটগ্রামে আসছিলো।
নিহত জহুরুলের বাড়ি পাটগ্রাম উপজেলার পানবাড়ি গ্রামে। লাশ তার পরিবার নিয়ে গেছে।
দুর্ঘটনায় আহত হয় আফজাল (৪৫), হারুন (২৫), জব্বার (২৮) ও আশরাফুল (৩০)। তাদের পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে কালীগঞ্জ উপজেলার ইশোরকুল গ্রামে রোববার রাত নয়টার দিকে মটরসাইকেল দুর্ঘটনায় নূর ইসলাম (২৮) নামে একজন মারা গেছেন। তার বাড়ি ওই গ্রামে।
এলাকাবাসী জানায়, নূর রাত ১১টার দিকে কাকিনা বাজার থেকে মটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশের পুকুরে পড়ে আহত হন।
তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মারা যান।
যশোর: মনিরামপুর উপজেলায় যশোর-মনিরামপুর সড়কের গোয়ালদায় সোমবার সকালে একটি যাত্রীবাহী বাস উল্টে পিয়ারি খাতুন (২২) নামে এক যাত্রী মারা গেছেন।
আহত হয়েছে আরো অন্তত ১৮জন। এদের মধ্যে নয়জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই বাসযাত্রী ছিলেন।
নিহত পিয়ারি রোহিতা গ্রামের আব্দুল আলিমের স্ত্রী বলে জানান কোতয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি রাজগঞ্জ থেকে যশোর যাচ্ছিলো। সকাল ১০ টার দিকে এই দুর্ঘটনায় আহতদের যশোর সদর হাসপাতালে নেওয়ার পর পিয়ারি মারা যান।
গাইবান্ধা: বগুড়া-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ীতে সকালে একটি যাত্রীবাহী বাস পণ্যবাহী ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের তত্ত্বাবধায়ক শরিফ উদ্দিন (৪৫) নিহত হন।
আহত হয় বাসের আরো ২০ যাত্রী। তাদের রংপুর সদর হাসপাতাল ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত শরিফের বাড়ি পঞ্চগড় বলে জানান গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু সাঈদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে পঞ্চগড়গামী "জয় স্পেশাল" কোচটি সকাল ৬টার দিকে পলাশবাড়ীর উত্তর বাসস্ট্যান্ডে রাস্তার পাশের দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেয়।
আহতদের মধ্যে দিনাজপুরের জবা রানী (২৫), পঞ্চগড়ের রোশনা (৩০), রংপুরের বদরগঞ্জের রুপালী রানী (৩০) ও তার ছেলে হিরককে (১) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ বাস ও ট্্রাকটি আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
কুড়িগ্রাম: নাগেশ্বরী উপজেলার ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের চন্ডিপুর বাজার এলাকায় সকালে যাত্রীবাহী একটি বাসের চাপায় শাহিনুর ইসলাম (১৩) নামে জেএসসি পরীক্ষার্থী মারা গেছে।
দুর্ঘটনায় শাহিনুরের বাবা আব্দুস সালামও আহত হন।
তাকে প্রথমে নাগেশ্বরী হাসপাতাল পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শাহিনুর ইসলাম উত্তর কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ছিলো।
নাশেশ্বরী থানার ওসি মঞ্জুর রহমান জানান, শাহিনুর উত্তর কুমরপুর এলাকা থেকে ভিতবন্দ উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলো পরীক্ষা দিতে। সকাল ৯টার দিকে চন্ডিপুর বাজার এলাকায় ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি তাদের পিছন থেকে চাপা দেয়।
মাগুরা: সদর উপজেলার আঠারখাদা মঠবাড়ি এলাকায় সকালে শ্রীপুর-মাগুরা সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় স্থানীয়ভাবে তৈরি যান্ত্রিক যান গ্রামবাংলা।
এতে অটোরিকশাচালক ইকরাম হোসেন (২০) মারা যান। তার বাড়ি মাগুরা শহরতলীর আঠারখাদা গ্রামে।
দুর্ঘটনার পর এলাকাবাসী শ্রীপুর-মাগুরা সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কুমকুম বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে শ্রীপুর থেকে মাগুরা আসার পথে দুর্ঘটনার শিকার হন ইকরাম।
অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।
ঝিনাইদহ: ঝিনাইদহ-মাগুরা সড়কের পোড়াহাটিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোজাম্মেল হক পিটার (২৮) নামের একজন মারা গেছেন।
আহত হয় তার খালাতো বোন রওশনারা (৩০) ও তার ছেলে মাহমুদ হাসান নাইম (৫)। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) জানান, পিটারের বাড়ি মাগুরার হাজিপুর গ্রামে। মটরসাইকেলে করে তারা ঝিনাইদহ থেকে মাগুরা যাচ্ছিলো।
পুলিশ বাস ও এর চালককে আটক করেছে বলে এএসপি জানান।
বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় টমটম নামে পরিচিত স্থানীয়ভাবে তৈরি যান্ত্রিক যান খালে পড়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।
সোমাবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাদ্রিশিবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্য জানিয়েছেন।
দুর্ঘটনার পর চারজনের লাশ উদ্ধার করা হলেও চালকসহ আরো তিনজন নিখোঁজ রয়েছে।
নিহতরা হলেন- উপজেলার নিয়ামতি ইউনিয়নের কোষ্টনগর গ্রামের নুপুর বেগম (৩৫), তার ছেলে শিমুল (৯) ও মেয়ে রিতা (৮) এবং ভবানীপুর গ্রামের মোতালেব (৩০) হোসেন।
নুপুর কোষ্টনগর গ্রামের নাসির উদ্দিন মৃধার স্ত্রী।
নিখোঁজদের মধ্যে নুপুরের আরেক সন্তান সাগরও (১১) রয়েছে।
পাদ্রিশিবপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রাশিদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আড়াই বেকি থেকে ১০ জন যাত্রী নিয়ে টমটমটি মহেষপুর যাচ্ছিলো।
রাস্তায় গর্তে পড়ে অগভীর নলকূপের ইঞ্জিন দিয়ে তৈরি এই যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খালের পড়ে যায়।
তিনি আরো জানান, ভবানীপুর গ্রামের নাসিরসহ তিনজন আহত হলেও তারা সাঁতরে পাড়ে আসতে সক্ষম হয়।
বাকেরগঞ্জ থানার পরিদর্শক শওকত আনোয়ার বলেন, এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।
জামালপুর: সন্ধ্যায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের নান্দিনায় সবজি ভর্তি একটি ট্রাক খাদে পড়ে নিহত হন- পথচারী নান্দিনা খড়খড়িয়া গ্রামের বৃদ্ধ জুলহাস উদ্দিন।
আহত হন- সবজি ব্যবসায়ী হানিফ (২০), আমির (৪০), মজিদ (৬০) ও মোতালেব (৫০)। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) রমিজুল হক জানান, জামালপুর সদরের নান্দিনা বাজার থেকে সবজিভর্তি একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে নান্দিনা পূর্ববাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
পাবনা: দুপুরে ঈশ্বরদী উপজেলার ভেলুপাড়া এলাকায় মোটরসাইকেল চাপায় নিহত হয় স্কুলছাত্র শুভ (৮)। সে উপজেলার ইসতা গ্রামের খাইরুল ইসলামের ছেলে।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন বলেন, ভেলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র শুভ স্কুলের পাশে একটি দোকানে যাবার রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় শুভ'র বাবা মোটরসাইকেল চালক চরমিরকামারী গ্রামের মোক্তার হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন।
নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে সদর উপজেলার ফতুল্লা বাজারে বিকালে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় রোমা আক্তার (২৮) নামের এক আমেরিকা প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে।
তিনি ফতুল্লার লালপুরে লোকমান হাজীর বাড়ির ভাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকাল ৩টার দিকে আমেরিকা প্রবাসী সুমন সিনহার স্ত্রী রোমা আক্তার কেনাকাটা করার জন্য রিকশায় শহরের চাষাঢ়া যাচ্ছিলেন। ফতুল্লা বাজার এলাকায় ঢাকাগামী জ্বালানি তেলবাহী একটি ট্যাঙ্কার তার রিকশাকে ধাক্কা দিলে রোমা আক্তার নিচে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার জানান, লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এলএন/ডিডি/এমএসবি/২৩৫৩ ঘ.
bdnews24