২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে জঙ্গি সন্দেহে গ্রেপ্তাররা আবারো রিমান্ডে

গোপালগঞ্জে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার চারজনকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদের জন্য আরো ১০ দিনের হেফাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 03:31 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

গোপালগঞ্জ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার চারজনকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদের জন্য আরো ১০ দিনের হেফাজতে পাঠানো হয়েছে। সোমবার জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে নেওয়ার আবেদন করে। হাকিম দিলীপ কুমার ভৌমিক আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ১৪ নভেম্বর একই আদালত জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিনদিনের হেফাজতে নেওয়ার আদেশ দেন। গত ১২ নভেম্বর রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শহরতলীর ষোষেরচর ইসলামপাড়ার জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। এরা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার আদর্শ গ্রামের কে এম শফি উদ্দিন (২৬), বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্যামাপাড়া গ্রামের মো. নুরুল ইসলাম কাজী (২৭), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুশাভাঙ্গা গ্রামের মুনজির রহমান (২৩) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তর ছাছিয়া গ্রামের মহিউদ্দিন শেখ (২১)। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক দলিল উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতরা এলাকায় জাহাঙ্গীর আলমের বাসায় ভাড়াটে থেকে কলমসহ বিভিন্ন পণ্য বিক্রির পাশাপাশি এলাকাবাসীকে কলেমার দাওয়াত দিত। এলাকাবাসীর কাছে বিষয়টি শুনে জঙ্গি সন্দেহে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের আরো ১০ দিন জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় জয়েন্ট ইন্টারোগেশন সেলে পাঠানো হয়েছে বলে দলিল উদ্দিন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৫ ঘ.