রাজশাহী, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে ট্রেনের ধাক্কায় মটর সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সজল সাহা (২২) উপজেলার সিংগাপাড়ার জয়দেব সাহার ছেলে।
আড়ানী রেল স্টেশনের স্টেশন মাস্টার নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সজল সকাল ৬টার দিকে মটর সাইকেল নিয়ে আড়ানী রেল স্টেশনের অদূরে একটি রেলক্রসিং পার হচ্ছিলো।
তিনি বলেন, "সে সময় ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনেরসঙ্গে তার মটর সাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।"
রেল কর্মকর্তা নুরুল জানান, মটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৪৮ ঘ.
bdnews24