২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক কর্মকর্তা হত্যা: ছয় আসামি পুলিশ হেফাজতে

শিল্প ব্যাংকের সাবেক কর্মকর্তা খাজা মাহফুজুল হক খান হত্যা মামলার ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে হেফাজতে নেওয়ার (রিমান্ড) অনুমতি পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 02:58 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্প ব্যাংকের সাবেক কর্মকর্তা খাজা মাহফুজুল হক খান হত্যা মামলার ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে হেফাজতে নেওয়ার (রিমান্ড) অনুমতি পেয়েছে পুলিশ। রোববার ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন এ আদেশ দেন। এজাহারভুক্ত রুশিয়া বেগম ওরফে মাফিয়া চুন্নী, ফরিদ, রনি ও সাব্বির আহমেদ এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাবুকে চারদিন এবং সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার সুরুজ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিন হেফাজতে নেয়ার অনুমতি দেয় আদালত। মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার উপপরিদর্শক এজাজ শফী তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে হেফাজত চান। হেফাজতের অনুমতির এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক বাবুল মিয়া। গত বুধবার ঈদের দিন ৩৬ উত্তর বাসাবো এলাকায় মাদকাসক্তদের হামলায় নিহত হন শিল্প ব্যাংকের সাবেক উপ মহাব্যবস্থাপক খাজা মাহফুজুল হক খান। এ ঘটনায় নিহতের ছেলে রিয়াজুল হক খান বাদি হয়ে সবুজবাগ থানায় ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সাব্বির ও সুরুজকে শনিবার ও অন্যদের শুক্রবার গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২০৫১ ঘ.