২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান মেয়র মনজুরের

নগরীর প্রধান খালগুলোর দুই পাড়ের অবৈধ স্থাপনা অবিলম্বে নিজ উদ্যোগে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র মনজুর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 02:35 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর প্রধান খালগুলোর দুই পাড়ের অবৈধ স্থাপনা অবিলম্বে নিজ উদ্যোগে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র মনজুর আলম। রোববার বিকালে চাক্তাই খাল, চাক্তাই ডাইভারশন খাল ও হিজরা খাল পরিদর্শনকালে মেয়র এ আহ্বান জানান। সিসিসি'র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুরুতেই সিটি মেয়র তিনটি খালের সংযোগস্থল চকবাজারের ধুনীরপুল এলাকা পরিদর্শন করেন। এরপর তিনি পায়ে হেঁটে পূর্ব ষোলশহর, ঘাসিয়া পাড়া, বারই পাড়া, আন্ডাখানা, বাদুরতলা, হারিস শাহ সড়ক ও পশ্চিম বাকলিয়ার রসুলবাগ পর্যন্ত চাক্তাই খাল ও চাক্তাই ডাইভারশন খালের অবস্থা দেখতে যান। এ সময় মনজুর আলম খালের দুইপাড়ের অবৈধ দোকান-পাট ও খালের মধ্যে আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেন। তিনি এসব অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। মেয়র এলাকাবাসীর উদ্দেশে বলেন, "জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের উদ্যোগে অবিলম্বে সব প্রধান খালে খনন কাজ শুরু হবে। আপনারা খালের মধ্যে আবর্জনা ফেলবেন না।" খাল পরিদর্শনকালে সিসিসি'র জলাবদ্ধতা নিরসন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী কিষান, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল, হাজী নুরুল হক, তদারকী প্রকৌশলী মোখতার আলম, নির্বাহী প্রকৌশলী আবু ছালেহ ও কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২০৩০ ঘ.