২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যমুনার ভাঙন

সিরাজগঞ্জ জেলা শহর সংলগ্ন যমুনা নদীর তীরে ভাঙন চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 02:03 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ জেলা শহর সংলগ্ন যমুনা নদীর তীরে ভাঙন চলছে। এতে সদর উপজেলা পরিষদ ভবনসহ পৌর এলাকার পাঁচটি গ্রাম হুমকির মুখে পড়েছে। এসব এলাকার দুশ' বাড়িঘর, গাছপালা, মসজিদ ও মাদ্রাসা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়া গ্রামগুলো হল- সদর উপজেলার চর মালসাপাড়া, মোলাপাড়া, গোনোপাড়া, দিয়ারাঘাট ও চরসাত্রী। গত ২০ দিন ধরে ভাঙন দেখা দিলেও ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নিতে কেউ এখনো আসেনি বলে অভিযোগ করেছেন ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্তরা। রোববার চর মালসাপাড়া গ্রামের আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের আগে থেকেই ভাঙন শুরু হয়েছে। গত কয়েকদিনে তাদের ঘরবাড়ি গাছপালা সব নদীতে চলে গেছে। পরিবার পরিজন নিয়ে এখন তিনি বাঁধের ঢালে আশ্রয় নিয়েছেন। নদী ভাঙনে এলাকার অন্তত দুইশ' পরিবার সর্বশান্ত হয়ে অন্যত্র চলে গেছে বলে জানান তিনি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের আগে ভাঙন এলাকায় ভিজিএফ'র চাল বিতরণ করা হয়েছে। ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাঙন এলাকায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের অনুমোদন না পাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্ট থেকে বঙ্গবন্ধু সেতুর গাই্ড বাঁধ পর্যন্ত ৬ হাজার ২শ মিটার দৈর্ঘ্য একটি প্রকল্প অনুমোদনের জন্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এতে ১৯৫ কোটি টাকা ব্যায় হতে পারে। প্রকল্পটি অনুমোদন পেলেই ভাঙন প্রতিরোধে কাজ শুরু করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০০০ ঘ.