নেত্রকোনা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলমহালের দখল নিয়ে বিরোধের জেরে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। হামলায় আহত হয়েছে সাতজন।
রোববার সকালে উপজেলার নাওটানা গ্রামে এ হামলা হয়।
নিহত মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন (৬৫) উপজেলার মহনপুর গ্রামের বাসিন্দা।
আহত নজরুল ইসলাম, সোহাগ মিয়া, শফিকুল, জুলহাস, কাশেম, আল্লাদ মিয়া ও নাজমুলকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মহনপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোসলেম উদ্দিনের সঙ্গে হড়াচাতল জলমহালের দখল নিয়ে চন্দ্রপুর পাল পাড়া গ্রামের আবুল কালাম আজাদের বিরোধ চলে আসছিল।
সকাল সাড়ে ৯টার দিকে মোসলেম উদ্দিন লোকজন নিয়ে ওই জলমহালে গেলে আবুল কালাম আজাদের পক্ষের ২৫/৩০ জন লোক ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এ সময় মোসলেম উদ্দিন তার লোকজনসহ পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। হামলাকারীরা মোসলেম উদ্দিনকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে।
বারহাট্টা থানার ওসি মো. আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪০ ঘ.
bdnews24