ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর ধানমণ্ডিতে শনিবার গভীর রাতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় এক পুলিশসহ দুইজন আহত হয়েছে।
এ ঘটনায় তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
ধানমণ্ডি থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত একটার দিকে ধানমণ্ডির ৮ নম্বর সড়কের সেতুর কাছে একটি প্রাইভেট কার দেখে টহল পুলিশের সন্দেহ হয়। তারা গাড়িটিকে থামার সংকেত দিলে তা উপেক্ষা করে প্রাইভেট কার চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এক পর্যায়ে গাড়ি থেকে পুলিশকে লক্ষ করে গুলি ছোঁড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এসময় ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক সোহেল ইমতিয়াজের ঘাড়ে গুলি লাগে। ওই সময় নূর আলম মিলন (৩৬) নামে এক সন্ত্রাসীর বাম পায়ে গুলি লাগে। পরে স্থানীয় নৈশ প্রহরীর সহায়তায় প্রাইভেট কারটিকে আটক এবং মিলনসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো বলেন, সন্ত্রাসীদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দু'টি ছোরা, চাপাতি এবং শতাধিক ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। পরে সন্ত্রাসী মিলনকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে গুলশানের একটি আবাসিক হোটেলে থাকে।
রাতেই গুলশান ২-এর ২৪ নম্বর সড়কের 'ইস্টার্ন হাউস' হোটেলে পুলিশ অভিযান চালায়।
গুলশান থানার উপপরিদর্শক ওবায়দুল ইসলাম জানান, ধানমণ্ডি থানা পুলিশের সহায়তায় হোটেলের ৩০৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে প্রায় ১শ' গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেখানে এক তরুণীকেও পাওয়া যায়।
ওই তরুণী পুলিশকে জানিয়েছে, মীম নামে এক বান্ধবীর মাধ্যমে মিলনের সঙ্গে তার পরিচয়। মিলন তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে বরিশাল থেকে তাকে ঢাকা নিয়ে আসে। কিন্তু তাকে বিয়ে না করে চট্রগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। গত ৯ নভেম্বর তাকে গুলশানের এই আবাসিক হোটেলে নিয়ে উঠে মিলন।
মিলন সম্পর্কে এর বেশি আর কোনো তথ্য তার জানা নেই বলে জানায় ওই তরুণী।
পুলিশ কর্মকর্তা ওবায়দুল ইসলাম বলেন, এই তরুণীর বাবা ট্রাক চালক। খবর পেয়ে তিনি ঢাকা এসছেন। তিনি পুলিশকে জানান, প্রায় তিন মাস আগে তার মেয়ে বাসা থেকে বের হয়ে যায়। লোকলজ্জার ভয়ে তিনি এ ঘটনা কাউকে বলেননি।
সন্ত্রাসী মিলনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে তরুণীর বাবাকে বলা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, মানবিক দিক বিবেচনায় ওই তরুণীকে তার বাবার হেফাজতে দেওয়া হবে।
এ ঘটনায় ধানমণ্ডি থানায় অস্ত্র ও মাদক আইন এবং পুলিশকে গুলি করার অভিযোগে চারটি মামলা দায়ের হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এইচএ/১৭৪৫ ঘ.
bdnews24