গোপালগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।
এ ১৬ জনকে শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রোববার তাদের গোপালগঞ্জের হাকিম আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়।
বিচার বিভাগীয় হাকিম দিলীপ কুমার ভৌমিক ওই ১৬ জনকে জিজ্ঞাসাবাদে পুলিশের আবেদনে সায় দেয়। অবশ্য পুলিশ ১০ দিন হেফাজতে চাইলেও হাকিম সময় দিয়েছেন তিন দিন।
নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের জন্য ওই ১৬ জন টুঙ্গীপাড়ায় গিয়েছিলো বলে পুলিশ ধারণা করছে।
টুঙ্গীপাড়া থানার ওসি মো. মাজহারুল হক সাংবাদিকদের বলেন, "গ্রেপ্তারকৃতদের তিন জন জঙ্গি কানেকশনে এর আগে নরসিংদী ও ফরিদপুরে গ্রেপ্তার হয়েছিলো।"
ওসি নিজে বাদি হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদীর পূর্ব ব্রাহ্মণদী গ্রামের সাইফুল ইসলাম (৩২), বানিয়ারচর গ্রামের আবু কাওসার (৩৩) ও শাহিন (৩৫), পশ্চিম কান্দাপাড়া গ্রামের আব্দুস সাত্তার (৩০), শিবপুর উপজেলার দক্ষিণ মাদারচর গ্রামের সোহেল ভূইয়া (৩০), ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামের তোফাজ্জেল হোসেন (৬০), কুলছুমবাগ গ্রামের জায়েদ (১৩), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের সোহেল (২২)।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোলানাথপুর গ্রামের মনির হোসেন (২০), রাজবাড়ীর পাংশা উপজেলার পাড়নারায়নপুর গ্রামের জাকির হোসেন (২৮), ছাকবৈঠা গ্রামের সামছুল আলম (২৫), নড়াইলের মহিষখোলা গ্রামের আবু ইউসুফ সরদার (৩০), বাগেরহাটের ফকিরহাট উপজেলার ধনপোখ গ্রামের ইব্রাহিম (২৬), চট্টগ্রামের বায়েজিদ থানার মো. রিয়াদ (২১), ঠাকুরগাঁওয়ের লস্কুরা গ্রামের রবিউল ইসলাম ও গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার বায়জিদ (২৫)।
কালেমা দাওয়াতের চার সদস্য ফের রিমান্ডে
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার কালেমা দাওয়াত নামে একটি সংগঠনের চার সদস্যকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন হাকিম দিলীপ কুমার ভৌমিক।
তারা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার আদর্শ গ্রামের কেএম শফিউদ্দিন (২৬), বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্যামাপাড়া গ্রামের মো. নুরুল ইসলাম কাজী (২৭), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুশাভাঙ্গা গ্রামের মুনজির রহমান (২৩) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তর ছাছিয়া গ্রামের মহিউদ্দিন শেখ (২১)।
গত ১২ নভেম্বর গোয়েন্দা পুলিশ গোপালগঞ্জ জেলা শহর সংলগ্ন ঘোষেরচর ইসলামপাড়ার জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।
তারা কলেমা দাওয়াতের চর ফ্যাশনের আব্দুল মজিদের অনুসারী বলে পুলিশ জানায়। এর আগে গত ১৪ নভেম্বর তাদের ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক দলিল উদ্দিন সাংবাদিকদের বলেন, "গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। আরো জিজ্ঞাসাবাদের জন্য তাদের ফের রিমান্ডে নেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭১০ ঘ.
bdnews24