২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নানা কর্মসূচিতে তারেকের জন্মদিন

দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে শনিবার তারেক রহমানের জন্মদিন পালন করছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 03:34 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে শনিবার তারেক রহমানের জন্মদিন পালন করছে বিএনপি। দিবসটির কর্মসূচির মধ্যে আছে রক্তদান ও স্বাস্থ্যসেবা, মিলাদ মাহফিল ও কোরানখানি। রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় শনিবার সকালে ১০টার দিকে বিএনপির চিকিৎসক সংগঠন 'ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের আয়োজন করেছে। সকাল ১১টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজন করা হবে দিনব্যাপী কোরানখানির। বিকালে বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল হবে। এদিকে শুক্রবার জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রয়াত সবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান ১৯৬৬ সালের ২০ নভেম্বর বগুড়ায় জন্মগ্রহন করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেককে যৌথ বাহিনী গ্রেপ্তার করে কারাবন্দি অবস্থায় নির্যাতন চালায় বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ১৩ টি মামলা দায়ের করা হয়। কারাবন্দি অবস্থায় তিনি দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। পরে সবগুলো মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে ২০০৮ সালের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে লন্ডন যান তারেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/০৯৩৩ ঘ.