২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে প্রবাসী অপহরণ, পরে উদ্ধার

চাঁদা না পেয়ে বরিশালের গৌরনদী উপজেলায় অপহরণের পর এক ইতালি প্রবাসীর টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাকে মারধরও করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 03:35 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

বরিশাল, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না পেয়ে বরিশালের গৌরনদী উপজেলায় অপহরণের পর এক ইতালি প্রবাসীর টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাকে মারধরও করা হয়। শুক্রবার সকালে উপজেলার টরকী বন্দর এলাকা থেকে মাসুদ খান (৩২) নামের এই প্রবাসীকে অপহরণ করা হয়। বিকালে উপজেলার কসবা গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ তাকে হাসপাতালে পাঠায়। মাসুদ খান কসবা গ্রামের বক্কর আলী খানের ছেলে। এ ঘটনায় মাসুদের বড়বোন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার নথি থেকে জানা যায়, এক সপ্তাহ আগে মাসুদ দেশে আসেন। এর কয়েকদিন পর মোবাইল ফোনের তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে একই গ্রামের আনোয়ার হোসেন খানের ছেলে রনি খান। কিন্তু মাসুদ চাঁদা না দিলে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কয়েকটি মোটরসাইকেলে রনিসহ ৭/৮ জন 'সন্ত্রাসী' টরকী বন্দর থেকে মাসুদকে অপহরণ করে। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ এলাকাবাসীর সহায়তায় কসবা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাকে উদ্ধার করে। মাসুদ খান জানান, রনি খানের নেতৃত্বে তাকে অপহরণের পর সন্ত্রাসীরা তাকে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও ব্যবহৃত স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। মারধরের এক পর্যায়ে তিনি জ্ঞান হারান বলেও জানান। গৌরনদী থানার উপ-পরিদর্শক মো. শাহজালাল বিডিনিউজ টোয়েিেন্টফোর ডটকমকে বলেন, এ ঘটনায় সন্ধ্যায় মাসুদ খানের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে রনি খান, মনি খান, এমদাদ হোসেন, ইমরুল ইসলামের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৮ ঘ.