নারায়ণগঞ্জ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে জুয়ার আসর বন্ধ করে দেওয়ায় পুলিশের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, হামলার পাশাপাশি দুর্বৃত্তরা প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে এবং চারটি গাড়ি ভাংচুর করে।
আড়াইহাজার উপজেলার বান্টি এলাকায় শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
হামলায় আড়াইহাজার থানার গাড়ি চালক কনস্টেবল শামীম (৪০) আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
এরা হলেন- জাহাঙ্গীর (৩৫), কাউছার (২৫) ও বাদশাহ (২৬)।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল থেকে বান্টি এলাকায় মেলার নামে জুয়ার আসর বসানো হয়। পুলিশ ওই আসর বন্ধ করে দেওয়ায় দুর্বৃত্তরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে।
তাদের ছোড়া ইটে আহত হন পুলিশের গাড়িচালক।
ওসি আরো জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে হামলাকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২৯ ঘ.
bdnews24