কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেরুবানু, হনুফা, লালমনি, দিলারা ও জেসমিন। পাচঁ জনেরই বয়স ষাটের কাছাকাছি। গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। থাকেন কেরানীগঞ্জের মান্দাইলে। বিভিন্ন বাসায় ঠিকে ঝিয়ের কাজ করেন।
ঈদের পরের দিন গ্রামের বাড়ি যাওয়ার জন্য তারা সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছেন। তাদের সকলের সঙ্গেই একটি করে ভারি পলিথিনের ব্যাগ।
এর মধ্যে কী- জিজ্ঞাসা করতেই একজন বললেন, গোশত।
হনুফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই গোশতের লাইগাই ঈদের আগে দেশে যাই নাই।"
এই পাঁচ জনের মত অনেকেই সদরঘাটে ভিড় জমাচ্ছেন গ্রামের বাড়ি যাওয়ার জন্য।
তাদের সকলের সঙ্গেই আছে গোশতের ব্যাগ বা বস্তা।
প্রায় সব যাত্রীর সঙ্গে মাংসের ব্যাগ দেখে ময়ূন-২ নামের লঞ্চের মাষ্টার মোস্তফা কামাল বলেন, "মনে হয় গোশত নিয়ে দেশে ফিরছেন।"
ঈদের পরের দিনও সদরঘাট লঞ্চ টার্মিনালে বাড়িমুখো যাত্রীদের প্রচণ্ড ভীড় দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সৈয়দ মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদের পরের দিনও যাত্রীদের প্রচণ্ড ভীড়।"
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার মধ্যে ৫৮টি লঞ্চ দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আরো ১৫টি লঞ্চ যাওয়ার অপেক্ষায় আছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো জানান, ঈদ উপলক্ষ ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে তাদের নির্ধারিত ত্রিশটি লঞ্চ ছাড়া হতো। ঈদের কারণে অনেক বেশি লঞ্চ চলাচল করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২০১৬ ঘ.
bdnews24