২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাওড়াকান্দি ফেরি ঘাটে যানজট

প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করার জন্য যাত্রা পথের শত কষ্টকে বরণ করে গন্তব্যের উদ্দেশ্যে ছুটছে মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 08:51 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

মাদারীপুর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করার জন্য যাত্রা পথের শত কষ্টকে বরণ করে গন্তব্যের উদ্দেশ্যে ছুটছে মানুষ। মঙ্গলবার ভোর থেকেই মাওয়া ও কাওড়াকান্দি ঘাটে বাড়তে থাকে গাড়ির ভিড়। বেলা বাড়ার সাথে সাথে কাওড়াকান্দি ঘাট থেকে বাখরেরকান্দি পর্যন্ত গাড়ির ২ কিলোমিটার দীর্ঘ লাইন পড়ে যায়। কাওড়াকান্দি ঘাটে নেমে ২ কিলোমিটার পথ পায়ে হেঁটে যাত্রীদেরকে উঠতে হচ্ছে নির্দিষ্ট গন্তব্যের গাড়িতে। কাওড়াকান্দি-মাওয়া রুটের স্পিডবোটগুলো সন্ধ্যা ৭টার পর থেকে রাত ১১টা পর্যন্ত ঈদের সালামির নামে ১১০ টাকার পরিবর্তে অতিরিক্ত ভাড়া হিসেবে ৩০০ থেকে ৩৫০ টাকা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকা থেকে আসা শিবচর উপজেলার শিরুয়াইল গ্রামের বাসিন্দা বোরহান আহমেদ বলেন, "সোমবার রাত ৯ টার দিকে মাওয়া ঘাট থেকে স্পিডবোটে কাওড়াকান্দি আসতে তাকে ৩০০ টাকা ভাড়া দিতে হয়েছে।" তবে কাওড়াকান্দি স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, দিনে কোনো স্পিডবোট জনপ্রতি ১১০ টাকার বেশি ভাড়া আদায় করে না। সন্ধ্যার পর স্পিডবোট চলানোর ঝুঁকির কারণে কোনো শ্রমিক অবৈধভাবে বেশি টাকা নিয়ে থাকতে পারে।' বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন করপোরেশনের (বিআইডবিউটিসি) কাওড়াকান্দি ঘাট ব্যবস্থাপক এম. এ. বাতেন বলেন, "ঈদে ঘরমুখো মানুষের ভিড় একটু থাকেই। পদ্মায় নাব্যতা সংকটের কারণে ফেরিগুলো ধারণ ক্ষমতার অর্ধেক গাড়ি নিয়ে চলাচল করছে। ফলে ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে।" তিনি আরো বলেন, "বর্তমানে ফেরিতে শুধু যাত্রীবাহী গাড়ি পারাপার করার কারণে ঘাটে পন্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন পড়েছে।" পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আসাদুল ইসলাম বলেন, "ঈদে ঘরমুখো মানুষের ভীড় ও দীর্ঘ যানজটের কারণে কাওড়াকান্দি ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪৩৯ ঘ.