ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আযহা উপলক্ষে বসা গরুর হাটে কোনো চাঁদাবাজির অভিযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
সোমবার বিকালে রাজধানীর দুটি গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, "দুটি হাট পরিদর্শন করেছি। কেউ আমার কাছে চাঁদাবাজির কোনো অভিযোগ করেনি।"
অভিযোগ পাওয়া গেলে এবং এতে দলীয় নেতাকর্মী বা পুলিশের সংশ্লিষ্টতা থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এক হাট থেকে অন্য হাটে যেন গরু সরিয়ে নেওয়া না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে আগারগাঁও তালতলা গরুর হাট, পরে আগারগাঁও বেতারভবন সংলগ্ন গরুর হাটটি পরিদর্শন করেন। হাটে হামলা ও অজ্ঞানপার্টি, মলমপার্টির তৎপরতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এ বিষয়ে আইন-শৃঙ্খলাবাহিনী সতর্ক রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযান চলছে।"
মঙ্গলবার আরো কয়েকটি হাট পরিদর্শন করবেন বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৯১০ ঘ.
bdnews24