ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আম গাছকে জাতীয় বৃক্ষ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে একথা জানান।
তিনি বলেন, "সভায় আম গাছকে জাতীয় বৃক্ষ হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে বাংলাদেশে কোনো জাতীয় বৃক্ষ ছিলো না। এজন্য সরকারিভাবে আম গাছকে জাতীয় বৃক্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।"
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরো জানান, বৈঠকে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে বন আইন (সংশোধনী) ২০১০ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া বার কাউন্সিল আইন সংশোধনের একটি প্রস্তাব অনুমোদন হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বার কাউন্সিলের সদস্যরা এখন থেকে একাধিক বারের আইনজীবী সদস্য হতে পারবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/কেএমএস/১৫৩৯ ঘ.
bdnews24