সিলেট, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে ব্রিটিশ আমলে তৈরি ঐতিহ্যবাহী কীন ব্রিজের পাটাতনে ১০ বর্গফুট জায়গায় বড় ফাটল দেখা দিয়েছে।
এ কারণে প্রশাসন এর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
সোমবার সকালে এ ফাটল ধরা পড়ে।
পুলিশ জানায়, সকাল ৮ টার দিকে ট্রাফিক সদস্যরা দেখতে পান সেতুটির দক্ষিণপাশে একটি অংশ প্রায় ৪ ইঞ্চি দেবে গেছে। তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। উর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত সেখানে গিয়ে সেতু পরিদর্শণ করে এর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
পুলিশ ধারণা করছে, ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা সত্ত্বেও রাতে গরু বোঝাই ট্রাক এ সেতুর ওপর দিয়ে চলায় এর একটি অংশ দেবে গেছে।
সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু মোহাম্মদ মুসা জানান, নিষেধ সত্ত্বেও ভারী যান চলাচল করায় ব্রিজের ব্রেকিং প্লেট খুলে গেছে। এতে সেতুটির ১০ বর্গফুট জায়গা ক্ষতিগ্রস্থ হয়েছে।
তিনি বলেন, "ব্রিজ দিয়ে হালকা যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। মেরামত কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে রাতের মধ্যে মেরামত কাজ শেষ হবে।"
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সকাল ১১টার দিকে সেতুটি পরিদর্শণ করেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, "সিলেটের ঐতিহ্যবাহী এই সেতু সংরক্ষণে সিটি কর্পোরেশন উদ্যোগ নেবে। ব্রিজটি ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। সেতুটি শুধু লোক চলাচলের জন্য উন্মুক্ত রাখা হবে।"
উল্লেখ্য, ১৯৩৬ সালে ব্রিটিশ সরকারের তৎকালীন গভর্ণর লর্ড কীন সিলেটের সুরমা নদীর উপরে এই সেতু নির্মাণ করেন। স
bdnews24