রোহান জিয়াদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানী ঈদকে সামনে রেখে চামড়া কেনার জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রায় ৩১১ কোটি টাকা ঋণ দেওয়া হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।
এছাড়া সরকারি কয়েকটি বিশেষায়িত ব্যাংক ও বেসরকারি ব্যাংক আরো প্রায় একশ কোটি টাকা ঋণ দিচ্ছে।
গত বছর এ খাতে সরকারি ব্যাংকগুলো প্রায় ২৪০ কোটি টাকা ঋণ দিয়েছিলো।
জনতা ব্যাংক গতবারের মতো এবারও চামড়া খাতে সবচেয়ে বেশি ঋণ দিচ্ছে। তারা ১৫০ কোটি টাকা ঋণ বিতরণ করছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম আমিনুর রহমান।
এছাড়া সোনালী ব্যাংক প্রায় ৬০ কোটি, অগ্রণী ব্যাংক ৭৬ কোটি ও রূপালী ব্যাংক ২৫ কোটি টাকা ঋণ দিচ্ছে।
বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসিক ব্যাংক এবং বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক ও সিটি ব্যাংক সীমিত আকারে শাখা পর্যায়ে ঋণ দিচ্ছে।
জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান রোববার বলেন, "দেশের চামড়ার সিংহভাগ যোগান আসে কোরবানির পশু থেকে। সেজন্য এ সময় এ খাতে ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য টাকার চাহিদা বাড়ে। এবার জনতা ব্যাংক ১৫০ কোটি টাকার ঋণ চাহিদা পেয়েছে। গত বছরও একই রকম চাহিদা ছিলো।"
তিনি জানান, গতবছর চামড়া খাতে বিতরণ করা ৯৫ ভাগ ঋণ আদায় হয়েছে।
ওদিকে, বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চামড়া খাতে এ পর্যন্ত খেলাপি ঋণ প্রায় ৪০০ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "এই ঋণের বেশিরভাগই ৯০ দশকের প্রথম দিকে বিতরণ করা হয়, যা আদায় করা সম্ভব হয়নি।"
দেশে বছরে চামড়ার মোট চাহিদা প্রায় ২২ কোটি বর্গফুট। এর প্রায় ৮০ শতাংশই সংগ্রহ হয় কোরবানির ঈদের সময়।
এ সময়েই মূলত চামড়া কেনার জন্য ঋণ দেওয়া হয় বড় বড় চামড়া প্রক্রিয়াজাত কোম্পানিকে। কোম্পানিগুলো চামড়া কেনার জন্য ওই টাকার একটি বড় অংশ দেয় আড়তদারদের। মাঠ পর্যায়ের চামড়া ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহের জন্য তাদেরকে টাকা দেয় আড়তদাররা।"
'বাংলাদেশ ফিনিশড লেদারস, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন' এর সাবেক সভাপতি টিপু সুলতান জানান, ঈদে অনেক মৌসুমী ব্যবসায়ী চামড়া কেনেন। তাদের চামড়া কেনার সুবিধার্থে সমিতির পক্ষ থেকে চামড়ার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়। সোমবার তা নির্ধারণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এজে/কেএমএস/১২৩৪ ঘ.
bdnews24