ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্যাদেশ অনুযায়ী বিল না পাওয়ায় প্রেস মালিকরা প্রাথমিকের প্রায় ১২ কোটি কপি পাঠ্যবইয়ের সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে।
ফলে আগামী শিক্ষাবর্ষে সময়মতো শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়লো।
রোববার প্রেস মালিকরা ঈদের আগে পাওনা বিল পরিশোধ নিয়ে এনসিটিবি'র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাতের নেতৃত্বে তারা এনসিটিবিতে যান।
২০১১ শিক্ষাবর্ষের জন্য প্রায় ২৩ কোটি পাঠ্যবই (বিনামূল্যের) ছাপা হচ্ছে। এর মধ্যে ৩ কোটি বই ভারত থেকে ছেপে আনা হচ্ছে। বাকি ২০ কোটি বই দেশের প্রকাশকরা ছাপবেন। ২০ কোটি বইয়ের মধ্যে প্রায় ৩০ শতাংশ বই ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।
পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির সভাপতি তোফায়েল খান এ সম্পর্কে বলেন, প্রাথমিক স্তরের প্রায় ১০০ কোটি টাকার বই ছাপার কাজ করছেন তারা। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যবইয়ের কাজ তারা পেয়েছেন। এর মধ্যে মাত্র ৩০ শতাংশ পাঠ্যপুস্তক এনসিটিবিকে সরবরাহ করা হয়েছে।
তিনি জানান, এক সপ্তাহ আগে বিল পরিশোধ করার কথা থাকলেও এখনও তা পরিশোধ করা হয়নি। এ অবস্থায় ঈদের আগে বিল পরিশোধ করা না হলে ঈদের পর বাঁধাইকারী, কর্মচারী ও অন্যান্য পাওনাদার আর কাজ করবে না। ফলে পাঠ্যপুস্তক সময়মত না পৌঁছানোর কারণে শিক্ষার্থীদের মাঝে অস্থিরতা সৃষ্টি হতে পারে। এর দায়ভার এনসিটিবিকেই নিতে হবে।
তিনি বলেন, "৩০ অক্টোবরের মধ্যে সব পাঠ্যবই ছাপার কথা থাকলেও এখনও এনসিটিবি ১৯শ' মেট্রিক টন কাগজের ওয়ার্ক অর্ডার দেয়নি। ফলে সময়মত সব পাঠ্যবই ছাপা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।"
তোফায়েল খান আরো জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক, ভোকেশনাল ও দাখিলের পাঠ্যবইও তারা ছাপেন। কিন্তু ওইসব ক্ষেত্রে বিল নিয়ে তাদের জটিলতায় পড়তে হয়না। কিন্তু এবার প্রাথমিকের বই ছাপার সব চুক্তি এনসিটিবি'র সঙ্গে করা হলেও তারা এখন বলছে, বিল দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মহা হিসাব নিরীক্ষকের অধিদপ্তরে যোগাযোগ করতে বলছে। এ অবস্থায় ঈদের আগে বিল পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে গরিব কর্মীরা খুবই বিপদে পড়বে। যা প্রেস মালিকদেরও বিপদগ্রস্ত করে তুলবে।
এ বিষয়ে এনসিটিবি'র চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা কামাল উদ্দিন সাংবাদিকদের জানান, মুদ্রাকরদের পাওনা বিল ছাড় করার জন্যে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বিল ছাড়ের জন্য কয়েকবার অনুরোধ করা হয়েছে। খুব শিগগিরই এ জটিলতার অবসান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিল ছাড়ে বিলম্ব হওয়ার বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান আরো বলেন, আগে এ ধরনের বিল পরিশোধ করা হতো উন্নয়ন বাজেট থেকে। কিন্তু এখন তা পরিশোধ করা হয় রাজস্ব বাজেট থেকে। ফলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এ জি অফিসের মাধ্যমে বিল পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হয়ে আসতে একটু সময় বেশি লাগছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২৩২০ ঘ.
bdnews24