আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্য বছরের তুলনায় রাজধানীর সর্ববৃহৎ গাবতলী পশুর হাটে এবার গরু এসেছে কম। দাম কম হলেও বিক্রি তেমন হচ্ছে না। তবে ঈদ ঘনিয়ে এলে বিক্রি বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ী ও হাটের ইজারাদাররা।
এবার ঈদে ঢাকা নগরীতে গাবতলীর স্থায়ী হাটের পাশাপাশি বিভিন্ন স্থানে বসেছে ১২টি পশুর হাট। সব হাটের চিত্র এখন পর্যন্ত একই রকম।
শুক্রবার গাবতলী হাটে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে গরু, ছাগল, মহিষ আসছে। একজন ব্যবসায়ী আটটি উটও নিয়ে এসেছেন।
হাটকে আকর্ষণীয় করে তুলতে একটি ফটক তৈরি করেছে ইজারাদার। হাটে ঢুকতেই মাইকে কণ্ঠ শোনা যাচ্ছে- "সম্মানিত ক্রেতা, বিক্রেতা ভাইয়েরা হাট মালিকের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক..."।
ক্রেতা-বিক্রেতাদের জন্য বাঁশ, বালি দিয়ে পশুর রাখার জন্য নির্দিষ্ট স্থান তৈরি করা হয়েছে সেখানে। এছাড়া হাটের মধ্যে দড়ি, জরি ও ফুলের মালা বিক্রি করছেন অনেকে। তারা ৫০ থেকে ৫০০ টাকায় পশুকে সাজিয়ে দিচ্ছেন।
২০ বছর ধরে তিনি ঘোষকের কাজ করে যাওয়া নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অ্যানথ্রাক্স আতঙ্ক কাটলেও এ বছর অনেক ব্যবসায়ী হাটে গরু নিয়ে আসতে ভয় পাচ্ছে। কারণ এখনো পর্যন্ত বিক্রি তেমনভাবে হচ্ছে না।"
তবে ঈদের দু-একদিন আগে বিক্রি বেড়ে যায়, অভিজ্ঞতা থেকে বলেন তিনি।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ জেলা থেকে এবার বেশি আসছে গরু।
ইজারাদাররা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার কম পশু বিক্রি হচ্ছে। আর এসব পশু কিনছেন অধিকাংশ ঢাকার বাইরের ক্রেতারা। ঈদের এক-দুইদিন আগে ঢাকায় বসবাসরত ব্যক্তিরা কোরবানির জন্য গরু কেনেন।
৭০ হাজার টাকায় প্রায় ৮ মন ওজনের একটি গরু কিনতে দেখা গেলো সাভারের বাসিন্দা মো. একরামুল হককে।
দাম সম্পর্কে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বছরের তুলনায় ১০ থেকে ১২ হাজার টাকা কম।"
কুষ্টিয়া থেকে ১০টি গরু বিক্রির জন্য নিয়ে এসেছেন আব্দুল বারেক।
তিনি বলেন, "তিন দিন আগে ১০টি গরু বিক্রির জন্য নিয়ে এসেছি। এর মধ্যে একটি গরু ৬০ হাজার টাকা দিয়ে বিক্রি করেছি।"
হাটে গরু কম আসা এবং দাম কম সম্পর্কে জানতে চাইলে বারেক বলেন, "অ্যানথ্রাক্স ভীতির কারণে এমন হতে পারে। আবার ক্রেতাও হাটে কম আসছে-এজন্য ব্যবসায়ীরা ভাবছে দুই একদিন পরে পশু তারা হাটে তুলবে।"
রংপুর থেকে ২০টি ছাগল বিক্রির জন্য নিয়ে এসেছেন মো. আফিলউদ্দিন।
তিনি জানান, পাঁচ থেকে ১০ হাজার টাকায় প্রতিটি ছাগল বিক্রি করবেন। এর মধ্যে দুটি ছাগল বিক্রি হয়েছে।
মাগুরা থেকে দুইদিন আগে পাঁচটি মহিষ নিয়ে এসেছেন হোসেন আলী। কিন্তু এখনো পর্যন্ত একটিও বিক্রি হয়নি বলে জানান তিনি।
রাজবাড়ী জেলার বাসিন্দা ব্যবসায়ী মো. মোমেন কুড়িগ্রাম থেকে আটটি উট নিয়ে এসেছেন বিক্রির জন্য। ইতোমধ্যে চারটি উট বিক্রিও করেছেন বলে জানান তিনি। প্রতিটি উট বিক্রি হচ্ছে তিন থেকে সোয়া তিন লাখ টাকায়।
মোমেন জানান, কুড়িগ্রামের ব্যবসায়ীরা ভারত থেকে এ উট নিয়ে এসেছে।
গাবতলী পশুর হাট মালিক সমিতির পরিচালক সোহেল হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে গরু, ছাগল, মহিষ বিক্রি করার জন্য বিক্রেতারা নিয়ে আসছেন। এছাড়া ভারত, নেপাল, ভুটান, মায়ানমার থেকেও বিক্রির জন্য ব্যবসায়ীর গরু নিয়ে এসেছেন।
তিনি বলেন, "শতকরা ৫০ ভাগ বিদেশি গরু এ হাটে বিক্রি হচ্ছে। বাকি ৫০ ভাগ গরুর পাশাপাশি ছাগল, মহিষ ও ভেড়া
দেশের বিভিন্ন জেলা থেকে আনা হচ্ছে।"
হাটে অসুস্থ কোনো পশু আনা হচ্ছে কিনা তা তদারক করছেন দুই জন ভেটেরিনারি সার্জন। অসুস্থ পশু পরীক্ষার জন্য অস্থায়ী একটি ক্যাম্পও তৈরি করা হয়েছে সেখানে।
এই ক্যাম্পের ডা. সুকেশ চন্দ্র বৈদ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাটে অসুস্থ কোনো পশু আসছে কিনা তা তদারকি করা হচ্ছে। এ পর্যন্ত কোনো অসুস্থ পশু পাওয়া যায়নি বলে জানান তিনি।"
এছাড়া কোনো ক্রেতা চাইলে তার পশু পরীক্ষা করা হচ্ছে। সেখানে কয়েকজন ক্রেতা তাদের পশু পরীক্ষা করিয়েছেন বলে জানান তিনি।
রাজধানীতে ১২টি অস্থায়ী কোরবানির পশুর হাট শনিবার থেকে বসবে। অস্থায়ী হাটগুলো হলো-খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, পূর্বাচলের পরিত্যক্ত খালি জায়গা, ঝিগাতলা হাজারিবাগ মাঠ, তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা, আগারগাঁও বস্তির খালি জায়গা, রহমতগঞ্জ খেলার মাঠ ,উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠ, উত্তরা আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, আরমানি টোলা খেলার মাঠ, ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, মেরাদিয়া বাজার, বনানী কাকলী রেলওয়ের পাশে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৮০০ ঘ.
bdnews24