২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশগঠনে তৃণমূল নেতাদের সক্রিয় হতে হবে: হাসিনা

দেশের উন্নয়নে দলের তৃণমূল পর্যায়ের নেতাদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 06:28 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উন্নয়নে দলের তৃণমূল পর্যায়ের নেতাদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শুক্রবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে শেখ হাসিনা বলেন, "দেশ গঠনে আপনাদের সক্রিয় অংশগ্রহণ দরকার। এজন্য, সংগঠনকে আরো সুসংগঠিত করতে হবে। সরকারের সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। "জনগণের সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।" আওয়ামী লীগ প্রধান আরো বলেন, "অনেক প্রত্যাশা নিয়ে জনগণ আমাদের ভোট দিয়েছে। আওয়ামী লীগের কাছে জনগণের প্রত্যাশা অনেক। আমরা সঠিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার ভুলে যাইনি। আমরা কাজ করে যাচ্ছি।" "আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে দুর্নীতি কমাতে পারবো", বলেন তিনি। শেখ হাসিনা বলেন, "২০০১ সালের পর ছিলো অন্ধকার যুগ। সে জন্যই জনগণ আমাদের ভোট দিয়েছে। আওয়ামী লীগকে ভোট দিলে জনগণ কিছু পায়। আর, অন্যরা ক্ষমতায় থাকলে ক্ষমতাশীলদের ভাগ্যের উন্নয়ন হয়।" তিনি বলেন, "অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে। জাতিসংঘের ৪৫টি কমিটিতে বাংলাদেশ কাজ করে যাচ্ছে।" বিগত চারদলীয় জোট সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, "বিএনপি-জামায়াতের একটাই নীতি ছিলো- দুর্নীতি। তাদের আর কোনো নীতি ছিলো না। তারা দলীয়করণ করতে সামরিক-বেসামরিক সকল ক্ষেত্রেই চাকুরিচ্যুতি করেছে। "তারা প্রতিটি স্তরে দলীয়করণ করে গেছে। তাই জনগণের জন্য কাজ করতে গেলে একটু বাধা আসে। তবে, আমরাও জানি কী ভাবে কাজ আদায় করে দিতে হয়।" বিদ্যুৎ সমস্যার জন্য চারদলীয় জোট সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রী এই মতবিনিময় সভাতেও বলেন, "তারা এক মেগাওয়াট বিদ্যুৎও বাড়াতে পারেনি। বিদ্যুতের উৎপাদন যা রেখে গিয়েছিলাম, তার থেকে কমে গেছে। "আমরা চালের কেজি রেখে গেছি ১০ টাকা। এবার এসে তা পেয়েছি ৪৫ টাকা। এদের অপকর্মের কথা বলতে গেলে ঘণ্টার পর ঘণ্টা লেগে যাবে।" প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী লীগ দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "মানুষের ন্যূনতম চাহিদা পূরণের জন্য জাতির পিতা কাজ করে গেছেন। যখনই জাতির পিতা বাংলাদেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের কর্মসূচি দিলেন, তখনই তাকে নির্মমভাবে হত্যা করা হলো।" মতবিনিময় সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কাজী জাফর উল্যাহ, মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও সতীশ চন্দ্র রায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রী দীপু মণি এবং চট্টগ্রাম বিভাগের দায়িত্বে নিয়োজিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন উপস্থিত ছিলেন।। গত ৯ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে তৃণমূল নেতাদের সঙ্গে এই মতবিনিময় সভা হওয়ার সিদ্ধান্ত হয়। সভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, জাতীয় কমিটির সদস্য, দলীয় সাংসদ, জেলার সব উপজেলা, থানা ও পৌরসভার আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান এবং সমর্থক সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/কেএমএস/১২৩৪ ঘ.