হবিগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জে গাড়িচাপায় এক ব্যক্তির মৃত্যুর জেরে বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশ কর্মকর্তার গাড়িসহ অন্তত ১৬টি গাড়ি ভাংচুর করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
গাড়ি চাপায় নিহত ব্যক্তির নাম- ছন্দু মিয়া (৫০)। তার বাড়ি উপজেলার হাসনাবাদ গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী রাত পৌনে ৮টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে।
এ সময় তারা হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (দক্ষিণ সার্কেল) সুজ্ঞান চাকমার গাড়িসহ ১৫-১৬টি গাড়ি ভাংচুর করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুক মিয়া সাংবাদিকদের জানান, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি চাপায় ছন্দু মিয়া প্রাণ হারান।
হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০০ ঘ.
bdnews24