মৌলভীবাজার, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে চা বাগানের শ্রমিক কলোনির একটি কুয়া থেকে এক নারী এবং তার দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার জুড়ী উপজেলার শিলুয়া চা বাগানের বড়লাইন মন্দিরের কুয়ায় চা শ্রমিক প্রেমচাঁদ লোহারের স্ত্রী শীলা রানী লোহার (৩১) এবং ছেলে দীপ্ত লোহার (৭) ও মেয়ে দিপ্তী লোহার (২) এর লাশ পাওয়া যায়।
ঘটনাটি আত্মহত্যা, না পরিকল্পিত হত্যাকাণ্ড, তা এখনো নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ।
জুড়ী থানার ওসি মো. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে শিলুয়া মন্দিরের কুয়ার ভেতরে শীলা, দীপ্ত ও দিপ্তীর লাশ ভাসতে দেখে শ্রমিকরা থানায় খবর দেয়।
প্রেমচাঁদ লোহার সাংবাদিকদের বলেন, "গত রাতে (বুধবার) খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। সকালে প্রতিবেশীরা লাশ দেখে আমাকে ডেকে তোলে।"
প্রেমচাঁদ জানান, ঘরের একটি কক্ষে তিনি একা ছিলেন। সন্তানদের নিয়ে অন্য কক্ষে ছিলেন শীলা।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৯২০ ঘ.
bdnews24