গাজীপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোমা ফাটিয়ে পালানোর সময় গাজীপুর সদর উপজেলার পূবাইলে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে।
আহত হয়েছে আরেকজন।
বুধবার দিবাগত রাতে মেঘডুবি এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম- অলিউল্লাহ (২৫)। তার বাড়ি গাজীপুরের কালীগঞ্জে।
আহত সুনীলকে (২৬) গ্রেপ্তারের পর গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, রাত আড়াইটার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল মেঘডুবি গ্রামের আফজাল হোসেনের বাড়িতে হানা দেয়।
ডাকাতরা বসত ঘরের দরজা ভাঙার চেষ্টা করলে শব্দ শুনে গৃহকর্তা চিৎকার দেন। এতে আশপাশের লোকজন ছুটে আসে।
এ সময় ডাকাতরা দুটি হাতে তৈরি বোমা ফাটিয়ে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী ধাওয়া করে অলিউল্লাহ ও সুনীলকে আটক করে পিটুনি দেয়। অন্যরা পালিয়ে যায়।
গণপিটুনিতে অলিউল্লাহ ঘটনাস্থলেই মারা যান।
এসআই জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া কয়েকটি ধারালো অস্ত্র ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে।
জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে গৃহকর্তা আফজাল হোসেন বাদি হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৬ ঘ.
bdnews24