দিনাজপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত বছরের সমঝোতা অনুযায়ী জমির দাম চেয়েছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ক্ষতিগ্রস্তরা।
এ দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বড়পুকুরিয়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে তারা।
একই দাবিতে বড়পুকুরিয়া ভূমি ও সম্পদ রক্ষা কমিটি ১৩ নভেম্বর সেখানে জনসভা ডেকেছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির নেতারা বলেছেন দাবি মানা না হলে কঠোর আন্দোলনে নামবেন ক্ষতিগ্রস্তরা।
গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক বৈঠকে ১৯১ কোটি টাকার বড়পুকুরিয়া খনি এলাকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্প অনুমোদন করে সরকার।
গত ১১ মে এক আন্তঃমন্ত্রণালয় সভায় বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষের একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
খনি কর্তৃপক্ষ সাতটি গ্রামের ৬৪৬ একর জমি অধিগ্রহণের জন্য সরকারের কাছে সুপারিশ করে। সাত গ্রামে পরিবারের সংখ্যা ১৩শ'।
ভূমি প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য গত ৮ সেপ্টেম্বর এক আলোচনা সভায় খনি এলাকার জমি অধিগ্রহণে কৃষি জমি একরপ্রতি ২০ লাখ টাকা এবং বসতভিটার জন্য একরপ্রতি ২৫ লাখ টাকা প্রস্তাব করেন।
প্রকল্পের জন্য ঘোষিত জমির দাম প্রত্যাখ্যান করে নেতারা বলেন, প্রকল্পে তাদের বাসস্থান, স্কুল কলেজসহ পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেই।
কমিটির উপদেষ্টা মশিউর রহমান বুলবুল সরকারের দেওয়া প্রকল্প প্রত্যাখ্যান করে বলেন, এখানকার বাণিজ্যিক এলাকার প্রতি শতক জমির বর্তমান সর্বনিম্ন মুল্য যেখানে ১ লাখ টাকা সেখানে একরপ্রতি (একশ' শতকে এক একর) ২৫ লাখ টাকা তারা মেনে নিতে পারেন না।
এ ছাড়া তাদের যে প্যাকেজ দেওয়া হয়েছে সেখানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি।
২০০৯ সালের ১৫ মে সমঝোতা চুক্তি বাস্তবায়ন ছাড়া অন্য কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত তারা মেনে নেবেন না বলে জানান ভূমি ও সম্পদ রক্ষা কমিটির উপদেষ্টা।
সরকারের পক্ষে পেট্রোবাংলা ও এর আওতাধীন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এবং বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের প্রতিনিধির মধ্যে ওই সমঝোতা চুক্তি হয়।
সেই চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে জমির মূল্য নির্ধারণে তিনটি মতামত দেওয়া হয়।
পদ্মা সেতু প্রকল্পের জমির সর্বোচ্চ মূল্য অর্থ্যাৎ মাওয়া পয়েন্ট এলাকার ক্ষতিগ্রস্তদের যে বছর যে দাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বছর থেকে ২০০৯ সাল পর্যন্ত মুদ্রাস্ফীতির হার যোগ করে মূল্য নির্ধারণ বা বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার সর্বোচ্চ মূল্যে যে জমি ক্রয় বিক্রয় হয়েছে তার দালিলিক মূল্যের ভিত্তিতে মূল্য নির্ধারণ অথবা প্রথম ও দ্বিতীয়টির মধ্যে যে মূল্য সর্বাধিক সেটি নির্ধারণ করা।
ওই সমঝোতা চুক্তির অন্যান্য বিষয়গুলোর মধ্যে রয়েছে- খনি এলাকার নিকটবর্তী উপযুক্ত স্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধাসহ মাইনিং সিটি প্রতিষ্ঠা করা।
মশিউর রহমান বলেন, ওই সমঝোতা চুক্তি বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বড়পুকুরিয়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্তরা।
একই দাবিতে আগামী ১৩ নভেম্বর একই স্থানে জনসভা হবে।
এরপরেও দাবি না মেনে নিলে কঠোর আন্দোলন করা হবে বলে জানান নেতারা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বড়পুকুরিয়া ভূমি ও সম্পদ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা জামান, কোষাধ্যক্ষ সামসুল আলম, সদস্য গোলাম মোস্তফা, সোহরাব উদ্দিন, ইয়াকুব আলী, শরিফুল আলম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমএসবি/১৭৩৩ ঘ.
bdnews24