চাঁদপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১০টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ঘোষেরহাট সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
নিহত মো. শাহজাহান (৪০) সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের আমান উল্যাহপুর গ্রামের প্রয়াত হাবিব উল্যা মিয়ার ছেলে।
দুর্ঘটনায় আহত অটোরিকশার তিন যাত্রীর মধ্যে সুমন ভূঁইয়া (২৪) ও মাসুম বিল্লাহ (২৬) সদর হাসপাতালে চিকিৎসাধীন। অপর আহত রাসেল ভূঁইয়াকে (২০) রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। তাদের বাড়ি সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামে।
শাহজাহানের আত্মীয় মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাকিলা থেকে যাত্রী নিয়ে শাহজাহান বাবুরহাট এলাকায় যাচ্ছিলো। পথে ঘোষেরহাট সেতু অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তার অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শাহজাহান মারা যায়। আহত হয় সিএনজির তিন যাত্রী।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশাটি উদ্ধার করেছে। তবে ট্রাকচালককে আটক করা যায়নি।
দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯২৩ ঘ.
bdnews24