নরসিংদী, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী সদর উপজেলায় বুধবার রাতে ডাকাত ও পুলিশের মধ্যে গোলাগুলি হয়েছে।
পুলিশ মহিলাসহ দু'জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করেছে চারটি পিস্তলের গুলি ও তিনটি চাপাতি।
নরসিংদী সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে মিস্টিক ফার্মাসিউটিক্যালের সামনে পুলিশের গাড়ি লক্ষ্য করে ডাকাতরা গুলি ছুড়ে পালিয়ে যাবার সময় পুলিশও গুলি ছোড়ে।
এরপর ডাকাতদের বহনকারী মাইক্রোবাসটির পিছু নেয় পুলিশের গাড়ি। পালানোর সময় শহরের সোনাতলা পৌঁছলে পুলিশের গাড়ির ধাক্কায় ডাকাতদের গাড়িটি রাস্তার পাশে ছিটকে পড়ে।
পরে পুলিশ গুলিবিদ্ধ মাহবুব আলম সিপু (২০) ও ইয়াছমিনকে (২২) গ্রেপ্তার করে।
এ সময় আরো ৫/৬ ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৬ ঘ.
bdnews24