২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হেলেপড়া ভবন ভাঙা নিয়ে বৈঠকে বসছে বিশেষজ্ঞ দল

রাজধানীর কাঠালবাগান এলাকায় হেলেপড়া ভবনটি কীভাবে ভাঙা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে বুধবার রাতে বৈঠকে বসছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 04:05 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর কাঠালবাগান এলাকায় হেলেপড়া ভবনটি কীভাবে ভাঙা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে বুধবার রাতে বৈঠকে বসছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল। রাজউকের অথারাইজড অফিসার (১) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সফিউল্লাহার নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান আমিনুর। বিশেষজ্ঞ দলের সদস্য বুয়েটের পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ ইশতিয়াক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কীভাবে ভবনটি ভাঙা হবে সেব্যাপারে আজ (বুধবার) রাতে সিদ্ধান্ত হবে। ভবন ভাঙার প্রক্রিয়া শুরু হবে বৃহস্পতিবার সকাল থেকে। ভবনটিকে প্রচণ্ড 'ঝুঁকিপূর্ণ' আখ্যায়িত করে সৈয়দ ইশতিয়াক বলেন, এতে শ্রমিকরা প্রবেশ করলে মৃত্যুর ঝুঁকি রয়েছে। তাই কৌশল অবলম্বন করে ভাঙার কাজ শুরু করা হবে। রাজউক কর্মকর্তা আমিনুর রহমান আরো জানান, প্রাথমিকভাবে বৃহস্পতিবার সকালে ভবনটিকে নেট দিয়ে ঘিরে ফেলা হবে। এরপর পাশ্ববর্তী নাসির টাওয়ার থেকে একটি সংযোগ সেতু (অস্থায়ী) তৈরি করা হবে। ভবন ভাঙার কাজ শুরুর পর ইট ও অন্যান্য বস্তু নিচে নামানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। রোববার রাত সোয়া ১১টার দিকে 'এশিয়া হায়দার টাওয়ার' নামে নির্মাণাধীন ছয়তলা ভবনটির পিলার ভেঙ্গে নিচের তলাটি দেবে যায়। ভবনটি পাশেই পূর্বদিকের ১৬-তলা ভবন নাসির টাওয়ারও সামান্য হেলে পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে হেলেপড়া ছয়তলা ভবনটি ভাঙার কাজ তিনদিন পরও শুরু হয়নি। রাজউকের সিদ্ধান্তের অপেক্ষায় আছে ঢাকা সিটি কর্পোরেশন। আর রাজউক এ ব্যাপারে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট)। এদিকে হেলেপড়া ভবনটির পাশ্ববর্তী অন্যান্য ভবনের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন আত্বীয়-স্বজনদের বাসায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২২০০ ঘ.