২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রেনে আগুন: নওগাঁয় গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে ট্রেনে আগুন দেওয়ার মামলায় নওগাঁয় দুই বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 02:47 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

নওগাঁ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে ট্রেনে আগুন দেওয়ার মামলায় নওগাঁয় দুই বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মহাদেবপুর উপজেলার নিজ নিজ গ্রামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- সফাপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সভাপতি পবাতৈড় গ্রামের নজরুল ইসলাম (৫৫) এবং বিএনপিকর্মী বাঁশবাড়িয়া গ্রামের ইউসুফ আলী (৩২)। বুধবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। গত ১১ অক্টোবর সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভার দিন ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় সিরাজগঞ্জের জিআরপি থানা ও বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানায় তিনটি করে মোট ৬টি মামলা হয়েছে। প্রতিটি মামলায় অজ্ঞাত ৩-৪ হাজার জনকে আসামি করা হয়। এর মধ্যে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থানায় করা একটি মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। মহাদেবপুর থানার ওসি নূর ইসলাম বলেন, সিরাজগঞ্জে খালেদা জিয়ার জনসভার দিন ট্রেনে আগুন দেওয়ার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মহাদেবপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার নাননু বলেন, ঘটনার দিন এ দু'জন সিরাজগঞ্জই যাননি। তাদের বিরুদ্ধে কোনো মামলা বা জিডি না থাকলেও পুলিশ তাদের উদ্দেশ্যমূলকভাবে গ্রেপ্তার করে সিরাজগঞ্জের মামলায় আদালতে পাঠিয়েছে। জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাদের মুক্তি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৭ ঘ.