২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'সুপারব্র্যান্ড' পুরস্কার পেল শাইনপুকুর সিরামিকস

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টেবিলওয়্যার উৎপাদনকারী ও বৃহত্তম সিরামিক টেবিলওয়্যার রপ্তানিকারক প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস লিমিটেড 'সুপারব্র্যান্ড' পুরস্কার পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 12:59 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের শীর্ষস্থানীয় সিরামিক টেবিলওয়্যার উৎপাদনকারী ও বৃহত্তম সিরামিক টেবিলওয়্যার রপ্তানিকারক প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস লিমিটেড 'সুপারব্র্যান্ড' পুরস্কার পেয়েছে। এই ক্যাটাগরিতে প্রথমবারের মতো শাইনপুকুর সিরামিকস লি. এই বিরল সম্মান অর্জন করলো। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সুপারব্র্যান্ড ট্রিবিউট ইভেন্ট-এ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রিজভী উল কবিরের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাইনপুকুর সিরামিকস লি. এর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রিজভী উল কবির বলেন, "প্রতিষ্ঠান হিসাবে শাইনপুকুর সিরামিকস-এর সুপারব্র্যান্ড পুরস্কার লাভ একটি অসাধারণ স্বীকৃতি ও মাইলফলক অর্জন।" তিনি জানান, দেশের মোট সিরামিক টেবিলওয়্যার সামগ্রীর শতকরা প্রায় ৬০ ভাগের বেশি রপ্তানি করে থাকে শাইনপুকুর সিরামিকস লি.। এটি দেশের একমাত্র সিরামিক টেবিলওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠান, যা সর্বাধিক তিনবার বাংলাদেশ সরকারের সর্বোচ্চ জাতীয় পুরস্কার 'জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণ)' লাভ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে শাইনপুকুর সিরামিকস লি. দেশে-বিদেশে বরাবরই একটি সফল ব্র্যান্ড হিসেবে স্বীকৃত। এই কোম্পানির পণ্য উন্নত বিশ্বের প্রায় ৩৫টিরও বেশি দেশে রপ্তানি করছে। এর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, সুইডেন, নরওয়ে, তুরস্ক, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি ও ভারত। শাইনপুকুর সিরামিকস লি. বেক্সিমকো শিল্পগোষ্ঠীর একটি প্রতিষ্ঠান। এটি ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. এ তালিকাভুক্ত একটি পাবলিক লি. কোম্পানী । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/১৮৪৯ ঘ.