ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার শহীদ নূর হোসেন দিবস পালিত হচ্ছে।
১৯৮৭ সালের এই দিনে এরশাদ বিরোধী আন্দোলনের সময় ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর কেন্দ্র তৎকালীন জিরো পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন যুবলীগকর্মী নূর হোসেন।
বুকে-পিঠে 'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক'- স্লোগান লিখে মিছিলে শামিল হয়েছিলেন তিনি।
তারপর থেকে প্রতি বছরের ১০ নভেম্বর পালিত হচ্ছে নূর হোসেন দিবস হিসেবে। জিরো পয়েন্টের নামকরণও হয়েছে নূর হোসেন চত্বর।
নূর হোসেনের আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্র হয়। এর ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বাণী দিয়েছেন।
শহীদ নূর হোসেন সংসদ, আওয়ামী লীগ,বিএনপি, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, যুব গণফোরামসহ বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে কর্মসূচি নিয়েছে।
নূর হোসেন সংসদ বুধবার সকাল ৭টায় দলীয় সংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করেছে। এরপর সকাল সাড়ে ৮টায় শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানিয়েছে তারা। সকাল সাড়ে ৯টায় জুরাইন কবরস্থানে নূর হোসেনের কবরে ফুল দেওয়ার কর্মসূচি রয়েছে তাদের।
আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ৭টায় ও বিএনপির পক্ষে সকাল ৮ টায় নূর হোসেন চত্বরে ফুল দেওয়া হয়েছে। যুবলীগ বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভার আয়োজন করেছে।
যুব গণফোরাম বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নূর হোসেন হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করবে।
বিকালে নূর হোসেনের বাসায় আয়োজন করা হবে মিলাদ ও দোয়া মাহফিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসইউএম/এজে/০৯১৫ ঘ.
bdnews24