২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালখালীর বিএনপি নেতাকে উদ্ধারের আবেদন

বোয়ালখালী উপজেলা বিএনপি সভাপতি নজরুল ইসলামকে উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আবেদন জানিয়েছেন সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 06:57 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোয়ালখালী উপজেলা বিএনপি সভাপতি নজরুল ইসলামকে উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আবেদন জানিয়েছেন সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার রাত ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংসদ ও দক্ষিণ জেলা বিএনপি সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে নজরুল ইসলামের স্ত্রী শামীমা খাতুন ও ছেলে আনিসুল ইসলামসহ উপজেলা বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জাফরুল ইসলাম চৌধুরী বলেন, "ব্যবসায়িক কাজে গাজীপুর যাওয়ার পথে সোমবার রাতে নজরুল ইসলামকে আইনশৃঙ্খলা বাহিনীর নামধারী সাদা পোশাকের লোকজন ধরে নিয়ে গেছে। "নজরুল ইসলামের পরিবারের সদস্যরা আমাকে জানিয়েছেন তাকে নগরীর বহদ্দারহাটের র‌্যাব-৭ এর অস্থায়ী ফাঁড়িতে রাখা হয়েছে।" এর আগে সন্ধ্যায় নজরুল ইসলামকে র‌্যাব ধরে নিয়ে গেছে- এ অভিযোগে র‌্যাব-৭ ফাঁড়ি ঘেরাও কওে বোয়ালখালীর স্থানীয় বিএনপিকর্মীরা। তাকে র‌্যাব-৭ ক্যাম্পে রাখা হয়েছে বলে তার মুক্তি দাবি করলে র‌্যাব সদস্যদের সঙ্গে বিএনপিকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় র‌্যাবের লাঠিপেটায় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন বলে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তবে সংবাদ সম্মেলনে জাফরুল ইসলাম চৌধুরী বলেন, দলীয় নেতাকর্মী নয় এলাকার সাধারণ মানুষ নজরুল ইসলামের মুক্তির জন্য র‌্যাব ফাঁড়ির আশপাশে জড়ো হন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা জানতে চান, নজরুল ইসলামকে অপহরণ করা হয়েছে, নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছে? এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি জাফরুল ইসলাম চৌধুরী। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবিলম্বে নজরুল ইসলামকে উদ্ধার করার আবেদন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/ডিডি/০০৪৩ ঘ.